বিনুরার জায়গায় লঙ্কান দলে আসিথা

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১০:০২

হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরিতে পড়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন বাঁ-হাতি পেসার বিনুরা ফার্নান্দো। তার পরিবর্তে লঙ্কানদের বিশ্বকাপ দলে যুক্ত হয়েছেন ডান-হাতি পেসার আসিথা ফার্নান্দো।

বিনুরা ফার্নান্দো নিজেই বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন দিলশান মাদুশঙ্কা ইঞ্জুরিতে পড়ায়। এবার তিনি নিজেও ছিটকে গেলেন চোটে। সুপার টুয়েলভে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লঙ্কানদের দ্বিতীয় ম্যাচে ইঞ্জুরিতে পড়েন বিনুরা। শ্রীলঙ্কার পক্ষে বল হাতে ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলের পরই ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে ফিরতে পারেননি বিনুরা। এবার ছিটকে গেলেন বিশ্বকাপ থেকেই।

দেশের হয়ে ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে আসিথা ফার্নান্দোর। ৭ টেস্টে ২০টি, ৪ ওয়ানডেতে উইকেটশূন্য ও ৩ টি-টোয়েন্টিতে ২ উইকেট নিয়েছেন তিনি। গত সেপ্টেম্বরে হওয়া এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় আসিথার।

বিশ্বকাপ শুরুর পর থেকে একের পর এক ইনজুরিতে জর্জরিত এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এর আগে প্রথম রাউন্ডে ইঞ্জুরিতে বিশ্বকাপ শেষ হয়েছে পেসার দুশমন্থ চামিরা ও ব্যাটার দানুশকা গুনাথিলাকার। তাদের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পেয়েছেন কাসুন রাজিথা ও আশেন বান্দারা।

এছাড়াও প্রথম রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে ইঞ্জুরিতে পড়ার পর আর কোন ম্যাচ খেলেননি পেসার প্রমোদ মাধুশান। তবে এখনও তাকে দল থেকে বাদ দেয়নি লঙ্কান টিম ম্যানেজমেন্ট ।

এদিকে, দলের ইঞ্জুরি তালিকা দীর্ঘ হতে থাকায় আগেভাগেই পেসার মাথিশা পাথিরানা ও উইকেটরক্ষক ব্যাটার নিরোশান ডিকওয়েলাকে অস্ট্রেলিয়ায় ডেকে নিয়েছে শ্রীলঙ্কা। পরবর্তীতে আর কেউ ইঞ্জুরিতে পড়লে মূল দলে সুযোগ পাবেন তারা।

ইত্তেফাক/এসএস