উন্নয়নমুখী, সময়োপযোগী ও জনবান্ধব বাজেট

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:০৬

সিলেট চেম্বারের বিবৃতি

 সিলেট অফিস

২০১৯-২০২০ অর্থবছরের জন্য বাস্তবমুখী, সময়োপযোগী এবং ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ বাজেটের সাথে সংশ্লিষ্ট সকলকে ‘দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

বৃহস্পতিবার রাতে প্রদত্ত এক বিবৃতিতে চেম্বার প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেন, সঠিকভাবে বাস্তবায়িত হলে এই বাজেট দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।

চেম্বার প্রশাসক বলেন, শিক্ষিত বেকারদের জন্য স্ট্যার্ট আপ ফান্ড থেকে ঋণ নিয়ে নতুন উদ্যোক্তা তৈরি করা হবে, যা নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা করবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। রেমিট্যান্স প্রেরণে প্রবাসী বাংলাদেশিদের উত্সাহিত করতে ২ শতাংশ হারে প্রণোদনা প্রদান ও প্রবাসীদের জন্য বীমা সত্যিই প্রশংসার দাবিদার। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো যে উদ্যোগ তা প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষা ও কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি করায় দেশের সত্যিকারের উন্নয়ন হবে।