মিচেলের ফেরায় উজ্জীবিত নিউজিল্যান্ড

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১২:১৭

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে একটি সুসংবাদই পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ইঞ্জুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল। 

গত বছর সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে নিয়ে যেতে মূল ভূমিকা পালন করেছিলেন মিচেল। ফাইনালে অবশ্য অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় কিউইদের।

ইঞ্জুরির কারণে গত বিশ্বকাপের বর এই তারকা এতোদিন মাঠের বাইরে থাকলেও আজ শ্রীলঙ্কার বিপক্ষেই ফিরতে পারেন মাঠে। ড্যারেল মিচেলের একাদশে ফেরা নিয়ে কিউই পেসার টিম সাউদি বলেছেন, ‘মাঠে নামার জন্য যত ধরনের পরীক্ষার প্রয়োজন সবকিছুই তার (মিচেল) করানো হয়েছে। সুতরাং কাল তিনি দলে ফিরছেন বলেই মনে হচ্ছে।’

এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিলো নিউজিল্যান্ড।  তবে বৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট হারাতে হয়েছে কিউইদের। তাই তৃতীয় ম্যাচদে লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নেওয়ার বিকল্প দেখছে না কেন উইলিয়ামসনের দল। 

সাউদি বলেছেন, ‘যে কোন রকম ঝিমিয়ে পড়ার বিষয়ে সতর্ক রয়েছে ব্ল্যাকক্যাপসরা। আমরা জানি শ্রীলঙ্কা খুবই বিপদজনক একটি দল। তারা সব সময়ই বড় হুমকি। তাদের দলের মূল অস্ত্র স্পিন। বিগত কয়েক সপ্তাহে অনেক কিছুই ঘটেছে। গত রাতে আমরা জিম্বাবুয়ের কাছে পাকিস্তানকেও হারতে দেখেছি। টুর্নামেন্টের জন্য এটি দারুণ ব্যাপার। এই ফরম্যাটের টুর্নামেন্টের এটিই চরিত্র। এখানে যে কেউ যে কোন দলকে হারাতে পারে।’

ইত্তেফাক/এসএস