চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুর্বৃত্ত গুলিবিদ্ধ

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:০৭

চট্টগ্রাম অফিস

মহানগরীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আহত হয়েছে ছিনতাই মামলায় গ্রেফতার হওয়া এক আসামি। আহত আসামি মো. ইয়াসিনকে (৩০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় ১৮টি মামলা আছে। 

খুলশি থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আমবাগান রেলওয়ে জাদুঘর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। গত মঙ্গলবার ভোরে ঢাকা থেকে চট্টগ্রামে আসা বাসযাত্রী মহসিন উদ্দিন বাবু ছিনতাইয়ের শিকার হন। তাকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৩ হাজার টাকা, মোবাইল ফোন ও একটি এলইডি টেলিভিশন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ব্যাপারে খুলশী থানায় মামলা হওয়ার পর গত বুধবার অভিযান চালিয়ে ওমর ফারুক ও বাবুল হোসেন নামে ২ জনকে গ্রেফতার করা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে তারা ছিনতাইকারী দলের নেতা ইয়াসিনের নাম জানায়।

গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঢেবার পাড় এলাকা থেকে ইয়াসিনকে গ্রেফতার করা হয়।  তাকে  নিয়ে ছিনতাইকৃত মালামাল উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি করলে ইয়াসিন পায়ে গুলিবিদ্ধ হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে ফরিদুল ইসলাম (১৮) নামে আরেক ছিনতাইকারীকে গ্রেফতার করে এবং ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জানান।