উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসী তাহেরকে কারাগারে প্রেরণ

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:০৭

অজ্ঞাতনামা ৫ শতাধিক রোহিঙ্গা সন্ত্রাসীকে আসামি করে মামলা

 উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসী কুতুপালং ক্যাম্প-২০-এর বাসিন্দা নেজাম উদ্দিনের ছেলে আবু তাহেরকে (২৮) শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

উখিয়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ জুন দুপুর দেড়টায় কুতুপালং ক্যাম্প- ২০ কার্যালয়ের সামনে আবু তাহের প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে ক্যাম্প ইনচার্জকে ভয়-ভীতি প্রদর্শন করছিল। এ সময় তারা বেশ কয়েকটি অনৈতিক দাবি নিয়ে ক্যাম্প ইনচার্জের কার্যালয় ঘেরাও করলে ক্যাম্প ইনচার্জ আবু সুফিয়ান বিষয়টি উখিয়া থানা পুলিশকে অবহিত করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, তাত্ক্ষণিকভাবে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে রোহিঙ্গা সন্ত্রাসী আবু তাহেরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ফাঁকা গুলিবর্ষণ ও লাঠিচার্জ করলে রোহিঙ্গারা পালিয়ে যায়। গ্রেফতার করা হয় ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী আবু তাহেরকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি অস্ত্র ও একটি কার্তুজ।

এ ঘটনায় মধুরছড়া ক্যাম্পে দায়িত্বরত এসআই মোবারক হোসেন বাদী হয়ে এজাহার নামীয় ১২ জন ও অজ্ঞাতনামা ৫ শতাধিক রোহিঙ্গাকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।