পাওয়ার প্লে'তে কোণঠাসা নিউজিল্যান্ড

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৪:৫৮

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের উদ্দেশ্যে খেলতে নেমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে উল্টো কোন্ঠাসা অবস্থায় কিউইরা। পাওয়ার প্লে'র ৬ অভবার শেষে ৩ উইকেট হারিয়ে মাত্র ২৫ রান তুলেছে ব্ল্যাক ক্যাপসরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে শ্রীলঙ্কাকে বোলিংয়ে পাঠিয়েছিলো কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দুর্দান্ত ফর্মে থাকা কিউই ব্যাটাররা আগে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলেই লঙ্কানদের চ্যালেঞ্জ জানাতে চেয়েছিলো। তবে ঘটলো ঠিক তার উল্টোটা।

ব্যাটিংয়ে নামার প্রথম ওভারেই ব্ল্যাক ক্যাপসদের ধাক্কাটা দিলেন লঙ্কান স্পিনার মহেশ থিকসানা। ইনিংসের চতুর্থ বলেই কিউই ওপেনার ফিন অ্যালেনের স্ট্যাম্প ভেঙে লঙ্কানদের উল্লাস করার উপলক্ষ্য এনে দেন এই স্পিনার। ৩ বলে ১ রান করেই ফিরে যান অস্ট্রেলিয়ার বিপক্ষে ঝড় তোলা ফিন অ্যালেন।

তৃতীয় ওভারে এসে আরেক ওপেনার ডেভন কনওয়েকেও হারায় নিউজিল্যান্ড। ধনঞ্জয়া ডি সিলভার ওভারের দ্বিতীয় বলে ফ্লাইট বুঝতে পারেননি এই ব্যাটার। ৪ বলে ১ রান করেই বোল্ড হয়ে ফেরেন কনওয়ে। ৭ রানেই ২ উইকেট হারিয়ে ততক্ষণে ধুকছে নিউজিল্যান্ড।

কিউইদের দুর্দশা আরো বাড়িয়ে দেন অধিনায়ক উইলিয়ামসন। কাসুন রাজিথার বলে উইকেটের পেছনে কুশল মেন্ডিসের গ্লাভসে ধরা পড়েন উইলিয়ামসন। ব্ল্যাকক্যাপসদের স্কোরবোর্ডে তখন উঠেছে মাত্র ১৫ রান।

এর মধ্যেই লঙ্কান বোলারদের উপর কিছুটা পাল্টা আক্রমণের চেষ্টা করেছেন গ্লেন ফিলিপস। পাওয়ার প্লে'র শেষ দুই ওভারে আর কোনো উইকেট নাহারিয়ে ১০ রান তোলে ফিলিপস আর ইঞ্জুরি কাটিয়ে দলে ফেরা ড্যারিল মিচেল মিলে।

পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে অঠে মাত্র ২৫ রান। ১২ বলে ১১ রান নিয়ে গ্লেন ফিলিপস আর ৪ বলে ৩ করা ড্যারিল মিচেল মিলে প্রতিরোধের চেষ্টা করছেন। 

ইত্তেফাক/এসএস