কুমিল্লার মুরাদনগর উপজেলার কতৃপক্ষকে না জানিয়ে ৬ ফিট গভীর গর্ত করে ভিটি পাচঁপুকুরিয়া স্কুল মাঠের মাটি কেটে জলাশয়ের সৃষ্টি করা গর্ত অবশেষে মাটি দিয়ে ভরাট করে দিয়েছেন ঠিকাদার।
গত ২২ অক্টোবর দৈনিক ইত্তেফাকের অনলাইনে ‘স্কুল মাঠের মাটি কেটে নিলো ঠিকাদার! অতঙ্কে শিক্ষার্থীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে স্থানীয় প্রশাসনের নির্দেশে সাব-ঠিকাদার মিজানুর রহমান শুক্রবার সন্ধ্যায় মাঠের মধ্যে তৈরি করা গর্তে মাটি ভরাটের কাজ শেষ করেন।
উপজেলার ভিটি পাচঁপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ করতে গিয়ে গত ৮ মাস পূর্বে করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ বন্ধ থাকা অবস্থায় স্কুল কতৃপক্ষকে না জানিয়ে ৬ ফিট গভীর পর্যন্ত গর্ত করে মাঠের মাটি কেটে জলাশয়ের সৃষ্টি করে ফেলে ঠিকাদার! ঠিকাদারের বিরুদ্ধে বহুবার বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ দিলেও দীর্ঘ ৮ মাসে কোন সুরাহা হচ্ছিলো না।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির বলেন, স্কুল মাঠ থেকে মাটি কেটে নেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। দৈনিক ইত্তেফাকের অনলাইনে প্রকাশিত সংবাদটি দেখেই সংশ্লিষ্ট ঠিকাদারকে অফিসে ডেকে গর্ত করা মাঠ ভরাট করে দেওয়ার নির্দেশ প্রদান করি। শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ভরাট কাজ সম্পন্ন করা হয়েছে।
