কর্ণফুলীতে ভেসে উঠল নিখোঁজ হামেদের লাশ

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:০৭

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির কাপ্তাইয়ের শিলছড়িস্থ কর্ণফুলী নদী থেকে অবশেষে ১৬ ঘণ্টা পর শুক্রবার সকাল সাড়ে ৭টায় ভেসে উঠল অ্যাডভোকেট হামেদ হাসানের (৩০) লাশ। এর আগে বৃহস্পতিবার বিকেলে তার ভগ্নিপতি আনোয়ারুল আরেফিন অনুর (১৯) মরদেহ উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরি দল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কাপ্তাইয়ের শিলছড়িতে ঘুরতে এসে টিম্বার সংলগ্ন কর্ণফুলী নদীতে বিকেল সাড়ে ৩টার সময় গোসল করতে নেমে তলিয়ে যায় চট্টগ্রামের চকবাজারের বাদুরতলার মো. কায়কোবাদের ছেলে ও চট্টগ্রামের সাবেক মেয়র মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর একান্ত সহকারী (এপিএস) ওসমান গণীর ছোট ভাই অ্যাডভোকেট হামেদ হাসান (৩০)। এবং তার ভগ্নিপতি চট্টগ্রামের হালিশহরের খান বাড়ির আরিফ খানের ছেলে আনোয়ারুল আরেফিন অনু (১৯)।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ও কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৯টার সময় তার ভাই ওসমান গণীর কাছে হামেদের মরদেহটি তুলে দেওয়া হয়েছে।