তালায় জামাইয়ের হামলায় মামি শাশুড়ি নিহত

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:০৮

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় তুচ্ছ ঘটনায় জামাইয়ের হামলায় নিহত হয়েছে মামি শাশুড়ি জাহানারা বেগম (৪৫)। তিনি উপজেলার ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। খুলনা ২৫০ শয্যা হাসপাতালে বৃহস্পতিবার চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার সন্ধ্যার পর জামাইয়ের হামলার শিকার হন জাহানারা বেগম। ঘটনার পর থেকে জামাই আবু সাঈদ পলাতক।

নিহতের স্বামী রফিকুল ইসলামসহ স্বজনরা জানান, কলারোয়া এলাকায় বাড়ি আবু সাঈদের। প্রায় তিন মাস আগে সে জাহানারা বেগমের ননদের মেয়ে মুন্নীকে নিয়ে পালিয়ে বিয়ে করে। আবু সাঈদের বিরুদ্ধে নিহত জাহানারা বেগমের ছেলে সাইফুল ইসলামের স্ত্রীকে ফোনে বিরক্ত করার অভিযোগ রয়েছে। বুধবার আবু সাঈদ তার বোনজামাই পাঁচপাড়া গ্রামের জাহাঙ্গীর সরদারের বাড়িতে বেড়াতে আসে। তার মামাশ্বশুর বাড়িও একই গ্রামে। বুধবার মামাশ্বশুর বাড়ি অতিক্রম করে ভগ্নিপতি জাহাঙ্গীরের বাড়ি যাওয়ার সময় মামিশাশুড়ি জাহানারা বেগম ও তার পরিবারের লোকজনের সাথে আবু সাঈদের কথা কাটাকাটি হয়। ঘটনার জেরে সন্ধ্যায় আবু সাঈদ লোকজন নিয়ে জাহানারা বেগমের ওপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে জাহানারা বেগম মাথায় আঘাতপ্রাপ্ত হন। এ সময় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা বলেন, ঘটনার তদন্ত চলছে। দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।