এখনও সময় আছে সভা-সমাবেশে বাধা না দিয়ে পদত্যাগ করুন: রিজভী

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ২১:০২

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে রংপুরের বিভাগীয় গণসমাবেশ লোকে লোকারণ্য। শুধু সমাবেশস্থল নয়, সারা রংপুর শহর উৎসবের আমেজে পরিণত হয়েছে। এটার মধ্য দিয়ে দুটা জিনিস সুস্পষ্ট হচ্ছে। বিএনপি জনগণের জন্য যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিতে জনগণের সমর্থন। আরেকটা হচ্ছে, দেশের জনগণ ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে এই সরকারের পতনের আন্দোলনে জনগণের যে সমর্থন থাকবে অংশগ্রহণ করবে। সেটাই সুস্পষ্ট হচ্ছে। 

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। পরে তিনি নয়া পল্টন সড়কে একটি বিক্ষোভ মিছিল করেন। 

তিনি বলেন, জনতার এ স্রোত দেখে বিচলিত বোধ করছে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর লোকজন, মন্ত্রিসভার কিছু সিনিয়র সদস্যরা। এতে মনে হচ্ছে আওয়ামী লীগ শুধুমাত্র গণতন্ত্রবিরোধী কথাই বলছে না, বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে। এখনও সময় আছে সভা-সমাবেশে বাধা না দিয়ে পদত্যাগ করুন। তিনি বলেন,পরিষ্কারভাবে বলে দিতে চাই নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশের মাটিতে কোন নির্বাচন হবে না।

রিজভী বলেন, ওবায়দুল কাদেরের কথা শুনে মনে হচ্ছে কিছুদিনের মধ্যে তিনি বিএনপিতে যোগ দেবেন। দুদিন আগে নারায়ণগঞ্জে তিনি বক্তব্য দিয়েছেন। আমরা গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে যে বক্তব্য দেই, সমালোচনা করি সেই সমালোচনাগুলোই পক্ষান্তরেই ওবায়দুল কাদের বলেছেন। তাতে আমার মনে হয়েছে কিছুদিনের মধ্যেই তিনি বিএনপিতে যোগ দেবেন। শতকরা ৯০ শতাংশ বলছে আর ১০ শতাংশ বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলছে যেভাবে বলুক না কেনো মনে হয়েছে তিনি বিরোধীদলের কথাগুলোই বলছেন।
বিএনপির গণসমাবেশে সরকারের বাধা প্রসঙ্গে রিজভী বলেন, নানা রকম প্রতিবন্ধকতা পেরিয়ে গতকাল শুক্রবার থেকেই রংপুর জনসমাবেশস্থলে জনতার ঢল নেমেছে। মানুষের যেন স্বতঃস্ফূর্ত উৎসবে পরিণত হয়েছে রংপুর মহানগর। রংপুরের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রংপুরে এসে মিলিত হয়েছে। মানুষ শুকনা খাবার, রুটি, চিড়া নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে।

তিনি বলেন, তারা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের মানুষের কাছে অচেনা একটা শব্দ গুম সেটা প্রচলন করেছে। মানুষের মধ্যে এখন আতঙ্কের নাম, ভয়ের নাম হচ্ছে গুম। দেশে যখনই স্বচ্ছ নির্বাচন হবে এবং যারা ক্ষমতায় আসবে, তারা এসব অন্যায়র বিচার করবে। আর সেই ভয়ে শেখ হাসিনা এখন নানা পায়তারা করছে নানান অভিযোগ দায়ের করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, যুবদলের সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নু প্রমুখ।

এদিকে রংপুরে বিএনপির গণসমাবেশে সরকারি বাধাসহ সারা দেশে বিএনপি'র নেতা কর্মীদের উপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের  প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। 

শনিবার বিকেলে নয়াপল্টনস্ত  দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিলটি শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়া পল্টনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিল থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়। এছাড়াও সরকারের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেয়া হয়। 

মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সেন্টু, মুসাব্বির, ডা. জাহিদ, যুবদল নেতা নয়ন, ওমর ফারুকসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সহস্রাধিক নেতাকর্মী। 

ইত্তেফাক/এমএএম