পাওয়ার প্লে'তে নড়বড়ে বাংলাদেশ

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৯:৫৫

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ। তবে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের সেই সিদ্ধান্ত ফলপ্রসূ হলো না। পাওয়ার প্লে'র ৬ ওভারে ৩২ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে টিম টাইগার্স।

ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় সকাল ৯টায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টসে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে রিচার্ড এনগারাভার করা ইনিংসের প্রথম ওভারে প্রথম ৩ বল ডট দেওয়ার পর চতুর্থ বলে বাউন্ডারি মেরেই বাংলাদেশের রানের চাকা সচল করেন ওপেনার নাজমুল হোসেন শান্ত।  ব্লেসিং মুজারাবানির করা দ্বিতীয় ওভারের শুরুটাও হয় বাউন্ডারি দিয়ে। তবে ওভারের চতুর্থ বলে গিয়েই বাধে বিপত্তি। মুজারাবানির বলে শূন্য রানেই আউটসাইড এজ হয়ে উইকেটের পেছনে রেজিস চাকাভার হাতে ধরা পড়েন আরেক ওপেনার সৌম্য সরকার।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামা লিতন দাস চেষ্টা করেছিলেন শান্তর সঙ্গে জুটি গড়ে তোলার। রাসনের গতি সচল রাখারও চেষ্টা করেছিলেন তিনি। তবে পারেলন না বেশিক্ষণ। পাওয়ার প্লে'র শেষ ওভারে গিয়ে ব্যাটের উপরের কানায় লেগে উপরে উঠে যাওয়া বলে শর্ট থার্ডে টেন্ডাই চাতারার ক্যাচে পরিণত হন লিটন। ১২ বলে ১৪ রান করেই ফিরে যান তিনি। 

পাওয়ার প্লে শেষে ২ উইকেটে ৩২ রান তোলে বাংলাদেশ। ১৯ বলে ১৮ রান নিয়ে ক্রিজে রয়েছেন শান্ত, আর নতুন ব্যাটার হিসেবে এসেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। 

ইত্তেফাক/এসএস