৫ম উপজেলা নির্বাচনে অনিয়ম বরদাস্ত করা হবে না --------------- ইসি কবিতা খানম

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:০৯

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

নির্বাচন কমিশনার (ইসি) বেগম কবিতা খানম বলেছেন, ৫ম উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে।

আগামী ১৮ জুন কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শুক্রবার দুপুরে প্রিসাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ইসি জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা প্রিসাইডিং অফিসারদের নৈতিক ও পবিত্র দায়িত্ব। কোনো ধরনের ব্যত্যয় হলে এর জবাবদিহিতার বিষয়টি কঠোরভাবে দেখা হচ্ছে। যে কোনো সমস্যায় প্রিসাইডিং অফিসারদের পুলিশ প্রশাসনসহ রিটানিং কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আমাদের জানাতে হবে। পরিস্থিতি একেবারেই অবনতি দেখলে আপনারা নির্বাচন বন্ধ করে দেবেন। আমরা পুনরায় সেখানে সুষ্ঠু নির্বাচন উপহার দেব।