বুদ্ধিবৃত্তিক পরিবর্তনের লক্ষে গ্রিন ইউনিভার্সিটিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ২০:৩৯

রাজধানীর গ্রিন ইউনিভার্সিটিতে ‘ইনোভেশন অ্যান্ড ট্র্যান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট’ (আইটিডি) শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। রোববার (৩০ অক্টোবর) বিজনেস, ল এবং আর্টস অ্যান্ড স্যোশাল সায়েন্সস অনুষদ আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলন বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত ও বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের শিক্ষক, গবেষক, সম্পাদক বক্তব্য রাখেন। 

সম্মেলনে সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক পরিবর্তনের মাধ্যমে জাতীয় উন্নয়নের ওপর জোর দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, ইতিবাচক পরিবর্তন সবসময়ই প্রয়োজন। তাছাড়া এই পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। জাতি হিসেবে বাঙালি যদি সত্যিই উন্নতির শিখরে পৌঁছাতে চায়, তবে এই পরিবর্তন অপরিহার্য।

সম্মেলনের সমাপনীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে কূটনীতিক মসয়ূদ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কূটনীতিক মসয়ূদ মান্নান বলেন, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হলো তরুণরা। নতুন এবং অগ্রসরমান এই নাগরিকরা জাতিকে এগিয়ে যাওয়ার পেছনে বিরাট ভূমিকা পালনের সুযোগ রয়েছে, যা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে। অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটি ও আইটিডি সম্মেলনের ভূয়সী প্রশংসা করেন তিনি। 

উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, গ্রিন ইউনিভার্সিটি সব সময় গবেষণা ও সৃজনশীলতায় গুরুত্ব দিয়ে আসছে। আইটিডি সম্মেলন এই ক্ষেত্রে নিঃসন্দেহে আরও অবদান রাখবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাক্ষিক অনন্যা ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন। তিনি বলেন, কেউ যদি তার অতীতকে না জানে সে কিছুই জানবে না। সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে পারিবারিক শিক্ষা। সব শিক্ষা বিশ্ববিদ্যালয় দেয়না, বিদ্যালয় দেয়না। কিন্তু কেউ না কেউ আমাদের পথ দেখায়, আর আমরা সেই পথে চলি। 

নারী- পুরুষের মধ্যে প্রতিটি ক্ষেত্রে বিভেদ রয়েছে। নারী ও পুরুষের পার্থক্য করা আমাদের পেছনে নিয়ে যাচ্ছে। আমাকে বুঝতে হবে আমি কেন মানুষ ? আমার দায়িত্ব কী? মানুষ কি করতে পারে। মানুষ হিসেবে আমাকে কী করতে হবে?  

তিনি আরো বলেন, প্রযুক্তির যে উন্নয়ন হয়েছে প্রতিনিয়ত আমরা যে আবিস্কারগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিভাবে নারী সাংবাদিকদের আরো শক্তিশালি করবে সেটি ভাবতে হবে। পাশাপাশি বাংলাদেশের ৫০ ভাগ জনগন যারা নারী, তাদেরও গুরুত্ব দিতে হবে। তাদের শ্রমেরও দাম রয়েছে। সে অনুযায়ী তাদের গুরুত্ব দিতে হবে বলেও তিনি বলেন। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার, পিএইচডি (এলপিআর) ও প্রক্টর অধ্যাপক কে এম ওয়াজেদ কবির বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মুস্তাফিজুর রহমান, পাক্ষিক অনন্যা ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ভারতের অ্যাডামাস ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক উজ্জ্বল অনু চৌধুরী, যুক্তরাষ্ট্রের বইস স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক জেসন বি ম্যাকডোনাল্ড, অধ্যাপক মার্গারেট এ গোরলাস্কি, অস্ট্রেলিয়ার কার্টেন ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডোরা মেরিনোভা, যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড. রহিম কাজী, কানাডার ইলানা ডডি লুথার এবং যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আজফার হোসেন এবং লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খন্দকার সাফাত রেজা। 

 

ইত্তেফাক/এএইচপি