রাজবাড়ীতে ট্রেনের নিচে মাথা দিয়ে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:১১

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে মাদ্রাসাছাত্র আবু বক্কর।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নিমতলা গ্রামের বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া জামালপুর গ্রামের আমিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আবু বক্করকে রেললাইনে বসে থাকতে দেখে স্থানীয় কয়েকজন। রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী ট্রেনটি আসা মাত্রই সে রেললাইনে শুয়ে পড়ে আত্মহত্যা করে।

নিহত আবু বক্কর ২০১৭ সালে ভাণ্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন বলে জানিয়েছেন ভাণ্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অফিস সহকারী মো. শহিদুল ইসলাম।

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. শহিদুল ইসলাম জানান, মাদ্রাসাছাত্রের আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ।