টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতে উড়তে থাকা ভারতকে মাটিতে নামিয়ে এনেছে দক্ষিন আফ্রিকা। রোহিত শর্মার দলকে ৫ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভের গ্রুপ-২ এর শীর্ষস্থানেও উঠে এসেছে প্রোটিয়ারা।
দুর্দান্ত ফর্মে থাকা ভারতের এমন হারে তাদের নিজেদের চেয়ে যেন বেশি দুঃখিত হয়েছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। কারণ দক্ষিণ আফ্রিকার জয়ে সেমিফাইনালে ওঠার পথ দুঃসাধ্য হয়ে গেছে পাকিস্তানের জন্য। আর এতেই চটেছেন পাকিস্তানের সাবেকরা। শোয়েব আখতার থেকে শুরু করে সাবেক পাক অধিনায়ক সেলিম মালিক, সবাইই আঙুল তুলেছেন ভারতের দিকেই।
সাবেক পাকিস্তানি অধিনায়ক সেলিম তো দাবিই করেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইচ্ছা করে হেরেছে ভারত। পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া আটকাতেই এমনটা করেছে ভারত বলেও দাবি করেন তিনি।
রোববার (৩০ অক্টোবর) পার্থ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে ভারত হেরে যাওয়ার পরই এমন দাবি করেন সাবেক পাকিস্তানি অধিনায়ক।
পাকিস্তানি গণমাধ্যম টোয়েন্টি ফোর নিউজ এইচডিকে সেলিম মালিক জানান, ভারত কখনো কোনভাবেই চাইবে না পাকিস্তান সেমিফাইনালে যাক।
তিনি এই কথা বলার পর এটাই তার মত কিনা আরেক পাক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ সেটি জানতে চাইলে তিনি তাতে সম্মতিও জ্ঞাপন করেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ফিল্ডিংয়ের কড়া সমালোচনা করে সেলিম মালিক বলেন, যদি ভারত আরো ভালো ফিল্ডিং করত, তাহলে তারা এই ম্যাচ জিততেই পারত। মাঠে খুব বাজে ফিল্ডিং পারফরম্যান্স প্রদর্শন করেছে ভারত। ভারত যেসব সুযোগ হাতছাড়া করেছে সেগুলো খুবই সহজ ছিল।
