পাকিস্তানকে শেষ করে দিলো ভারত : শোয়েব

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৩:২৯

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যতটা ক্ষতি হয়েছে ভারতের তার চেয়েও যেন বেশি ক্ষতি হয়েছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। অন্তত পাকিস্তানের সাবেকদের আক্ষেপ প্রকাশের ভাষায় সেটিই যেন প্রমাণিত হচ্ছে বেশি। 

ভারতের হারে পাকিস্তানের আক্ষেপ করার অবশ্য যথেষ্ট কারণও রয়েছে। দক্ষিণ আফ্রিকার জয়ে সেমিফাইনালে ওঠার পথ দুঃসাধ্য হয়ে গেছে পাকিস্তানের জন্য। আর এই কারণেই আক্ষেপের মাত্রাটা বেড়েছে পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের। 

দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হারার ফলে সেমিফাইনালে যাওয়াতা অনেক বেশি কঠিন হয়ে গেছে পাকিস্তানের জন্য। পাকিস্তানকে এমন কঠিন পরিস্থিতিতে ফেলার জন্য কিংবদন্তি পাকিস্তানি পেসার শোয়েব আখতারও দায়ী করেছেন ভারতকেই। 

প্রোটিয়াদের কাছে ভারতের হারে হতাশ হয়ে সাবেক এই গতি তারকা নিজের ইউটিউব চ্যানেলে বলেন, দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ভারত আমাদের (পাকিস্তান) সুযোগ প্রায় শেষ করে দিয়েছে। যদিও এটি ভারতের দোষ নয়, পাকিস্তান নিজেরাও খারাপ খেলেছে। আমরা অন্যদের ওপর ভরসা করেছি। আমি আশা করেছিলাম এবং ভেবেছিলাম প্রোটিয়াদের বিরুদ্ধে ভারত ভালোভাবেই জিতবে। তাদের এই হারে স্পষ্ট বোঝা যায় যখন কোনো একটি দল ভালো বোলিং আক্রমণ নিয়ে সামনে আসে তখন উপমহাদেশের দলগুলোর আসল চেহারা বেরিয়ে আসে।

রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, প্রোটিয়াদের মারাত্মক বোলিং আক্রমণের সামনে পড়েছিল ভারত। কিন্তু এটি দিয়েই ভারতের কঠিন ম্যাচ শেষ হয়ে গেছে কারণ সামনে এখন সহজ ম্যাচ রয়েছে তাদের। কিন্তু পাকিস্তানকে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে সামনে। দেখে মনে হচ্ছে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া খুব কঠিন এবং অসম্ভব হতে পারে। কিন্তু তারপরও আমি আশাবাদী। দেখা যাক কী হয়।

সাবেক এই পাকিস্তানি পেসার আরও বলেন, এই পিচগুলোতে খেলা খুব একটা সহজ নয়। ভারত আমাদের হতাশ করেছে। যদি ভারতীয় ব্যাটসম্যানরা আরেকটু ধৈর্য্য ধরে ব্যাটিং করতো তাহলে ১৫০ রান হলেই জয়ী হতে পারত তারা। কিন্তু তারা আমাদের হতাশ করেছে।

ইত্তেফাক/এসএস