রংপুরে রেক্টিফাইড স্পিরিটসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসে করে আনা সাড়ে ১৮শ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করেছে মাদকদ্রব্য অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে কামালকাছনা এলাকায় এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিস অফিসের সামনে অভিযান চালিয়ে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত হারুন অর-রশিদ বদরগঞ্জ থানার গোপালপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা।
বেতাগীতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
বেতাগী (বরগুনা) সংবাদদাতা বেতাগীতে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ৮ম শ্রেণির ছাত্রী তনু আক্তারের (১৪) লাশ উদ্ধার হয়েছে। গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের পূর্ব কাউনিয়া গ্রামের বাসিন্দা আ. কুদ্দুসের মেয়ে। পড়াশুনার সুবাদে গত বছর বেতাগী বাসস্ট্যান্ড সংলগ্ন রশিদ মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন। বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জান মিয়া জানান, থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।
মদনে দুই বখাটে আটক
মদন (নেত্রকোনা) সংবাদদাতা মদনে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় জনতা দুই বখাটেকে আটক করে শুক্রবার ভোরে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে বৃহস্পতিবার রাতে। আটককৃত বখাটেরা হলো চানগাঁও ইউনিয়নের চানগাঁও গ্রামের সাদেকুর রহমান আঙ্গুরের ছেলে লিয়ন ও রত্নপুর গ্রামের মাজু মিয়ার ছেলে ইমন। এ ব্যাপারে স্কুলছাত্রীর বাবা জানান, প্রায় সময়েই লিয়ন তার বন্ধুদের নিয়ে আমার মেয়েকে প্রেম প্রস্তাবসহ পিছু নেয়। আমি নিরুপায় হয়ে মদন সদর থেকে মেয়েকে গ্রামের বাড়িতে নিয়ে আসি। এখানেও কয়েকদিন ধরে তারা আমার বাড়িতে এসে ঘোরাফেরা করতে থাকে। বৃহস্পতিবার রাতে আমার বসত বাড়িতে ঘোরাফেরার সময় লোকজন তাদের আটক করে পুলিশে দিয়েছে। আমি ন্যায়বিচার চাই। ওসি মো. রমিজুল হক জানান, দুই বখাটেকে শুক্রবার ভোরে রুদ্রশ্রী গ্রাম থেকে আটক করা হয়েছে। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
উল্লাপাড়ায় রেলওয়ে ওভারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা উল্লাপাড়া স্টেশনে রেলওয়ে ক্রসিংয়ে ওভারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর শুক্রবার স্থাপন করা হয়। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সড়ক ও জনপদ অধিদপ্তরের সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিকের সভাপত্বিতে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ। উল্লাপাড়াবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সড়ক ও জনপথ অধিদপ্তর ২৬৬.৫৭ মিটার রেলওয়ে ওভারপাস নির্মাণে ৮১ কোটি ৭৬ লাখ টাকা অনুমোদন দিয়েছে।
মোরেলগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের
অভিযোগে মামলা, ধর্ষক গ্রেফতার
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশান বাড়িয়া গ্রামের এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার মামলা হয়েছে। পুলিশ ধর্ষক সুজন শীলকে গ্রেফতার করেছে। অভিযোগে জানা গেছে, ওই গ্রামের বাকপ্রতিবন্ধী তরুণীকে বৃহস্পতিবার বিকেলে একই ইউনিয়নের সন্ন্যাসী এলাকার অতুল চন্দ্র শীলের ছেলে সুমন চন্দ্র শীল (৩৫) বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যায়। সুমন শীল মেয়েটিকে সন্ন্যাসী বাজারের একটি চায়ের দোকানে নিয়ে ধর্ষণ করে। থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, ধর্ষক সুমন শীলকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিকাকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাটে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার চাচা দেলোয়ার হোসেন বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
গঙ্গাচড়ায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা গঙ্গাচড়ায় শুক্রবার পানিতে ডুবে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার নোহালী ইউনিয়নের পূর্বকচুয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, ওই গ্রামের মোবারক মিয়া তার বাকপ্রতিবন্ধী ছেলে মারফুলকে (১৩) নিয়ে সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী উত্তর গনেশ এলাকার ঘাঘট ক্যানেলে ধান কাটতে যায়। মারফুল অসাবধানতাবশত ঘাঘট নদীতে বালু উত্তোলনকৃত গর্তে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে গর্ত থেকে তার লাশ উদ্ধার করে। গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) সুশান্ত কুমার ঘটনার সত্যতা স্বীকার করেন।
