বরিশাল অফিস
সামাজিকভাবে শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়েছিল বাবুগঞ্জ উপজেলার কেদারপুরের কলেজছাত্রী খাদিজা আক্তারের (১৮)। প্রেমিকের সঙ্গে বিয়ে না দেওয়ার অভিমানে বিয়ের একদিন আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে খাদিজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় এবং অন্যত্র বিয়ের দিন ঠিক করায় পরিবারের সঙ্গে অভিমান করে পরিবারের সবার অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে খাদিজা। নিহত খাদিজা ভূতেরদিয়া গ্রামের মিজান বেপারীর কন্যা এবং বাবুগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
সূত্রমতে, খাদিজার সঙ্গে একই গ্রামের মো. মিলনের নামের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যরা এ সম্পর্ক মেনে না নিয়ে তারা খাদিজার অমতে অন্যত্র বিয়ে ঠিক করেন। শুক্রবার বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। কলেজছাত্রীর মা সাহিদা বেগম মেয়ের বিয়ের ব্যস্ততায় বাড়ির পাশের অন্য বাড়িতে যাওয়ার সুযোগে খাদিজা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ খাদিজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
