লাহোর-রাওয়ালপিন্ডির জেলের ভয়াবহ চিত্র 

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৯:৩৯

পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডি জেলের ২৫ শতাংশেরও বেশি কয়েদির মধ্যে মাদকাসক্তির প্রবণতা লক্ষ্য করা গেছে। ন্যাশনাল কমিশন অব হিউম্যান রাইটস (এনসিএইচআর)-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল এবং লাহোরের জেলা কারাগারের বন্দীদের নিয়ে এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এনসিএইচআর-এর তদন্তে দেখা গেছে লাহোরের জেলা কারাগারের ৩ হাজার ৮০০ কয়েদির মধ্যে প্রায় ৯০০ কয়েদি মাদকাসক্ত। অন্যদিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই মাদকাসক্ত কয়েদির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৪০৪ জনে।    

এনসিএইচআর'র রিপোর্টের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন জানায়, আদিয়ালা কারাগারে কয়েদিদের শারীরিক এবং মানসিকভাবে মারাত্মক নির্যাতন করা হয়। কাউকে চড়, আবার কাউকে চাবুক মেরে নির্যাতন করা হয়, এ ছাড়া অনেককে চামড়ার বেল্ট দিয়েও মারধর করা হয়। 

বন্দী অবস্থায় মৃত্যু এবং কারাগারের কর্মীদের দ্বারা যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে। এসব বিষয় নিয়ে কোনো কার্যকর তদন্তও হয়নি। অপরদিকে আর্থিকভাবে সচ্ছল কয়েদিরা জেলে ভালভাবে থাকার জন্য অর্থ প্রদান করছে। 

আদিয়ালা কারাগারে ২ হাজার ১৭৪ কয়েদি রাখার ধারণ ক্ষমতা থাকলেও সেখানে বর্তমানে ৬ হাজার ৯৮ জন কয়েদি রাখা হয়েছে। এনসিএইচআর জানায়, এই জেলে কয়েদিদের অবস্থা অত্যন্ত খারাপ। নির্যাতন, অমানবিক আচরণ, খাদ্যের অভাব, স্যানিটেশন এবং আবাসন সবকিছু মিলে সেখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। কিন্তু নেই কোনো জবাবদিহিতা।  

ইত্তেফাক/এসআর