হামলাকারী পেলোসিকে জিম্মি করতে চেয়েছিলেন

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৩:১৯

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলাকারী গ্রেফতার সন্দেহভাজন ব্যক্তি পেলোসিকে জিম্মি করার উদ্দেশ্য নিয়ে তার সান ফ্রান্সিসকোর বাড়িতে প্রবেশ করেছিলেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পেলোসিকে জিম্মি করার পর তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সন্দেহভাজন ডেভিড ওয়েন ডেপাপে। জিজ্ঞাসাবাদে পেলোসি মিথ্যা কিছু বললে তার হাঁটু ভেঙ্গে ফেলার পরিকল্পনা করেছিলেন তিনি। 

মার্কিন ফেডারেল প্রসিকিউটররা সোমবার (৩১ অক্টোবর) ৪২ বছর বয়সী ডেপাপের বিরুদ্ধে হামলা চালানো ও অপহরণ চেষ্টার ফৌজদারি অভিযোগ করেছেন। অভিযোগে তার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে এমনটাই বলা হয়েছে।

পেলোসিকে না পেয়ে তার ৮২ বছর বয়সী স্বামী পলকে হাতুড়ি দিয়ে পেটায় হামলাকারী। ঘটনাস্থল থেকে ডেপাপেকে গ্রেফতার করার পর পলকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠায় পুলিশ। সোমবার পর্যন্ত তিনি হাসপাতালেই ছিলেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২৮ অক্টোবর) রাত প্রায় ২টার দিকে ডেপাপে সান ফ্রান্সিকোর বাড়িতে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছিল। সান ফ্রান্সিসকোর সর্বোচ্চ আদালতে আলাদাভাবে ডেপাপের বিরুদ্ধে হত্যা চেষ্টা, প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা, সিঁধ কেটে অনুপ্রবেশ, বৃদ্ধকে মারধর এবং সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ডেভিড ওয়েন ডেপাপে

স্থানীয় জেলা সরকারি আইন কর্মকর্তা ব্রুক জেনকিনস পেলোসির বাড়িতে এই হামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। এ হামলা যুক্তরাষ্ট্রের আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সহিংসতা উসকে দিতে পারে বলে আশঙ্কা ছড়িয়েছে।

মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে ৮ নভেম্বরের নির্বাচনে তা নির্ধারণ হবে। উচ্চ কক্ষ সেনেট ও নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদ দুইটি এখন ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে আছে।

ফৌজদারি অভিযোগের অংশ হিসেবে এফবিআই যে হলফ নামা দিয়েছে তাতে বলা হয়েছে, পল পেলোসি ৯১১ তে ফোন দিয়ে তার বাড়িতে এক ব্যক্তির অনধিকার প্রবেশের কথা জানানোর পর পুলিশ পাঠানো হয়। সান ফ্রান্সিসকোর পুলিশ বাড়ির শয়নকক্ষ ও সদর দরজার কাছের হলওয়ে থেকে হাত-পা বাঁধার জিপ টাই উদ্ধার করে। 

ডেপাপের ব্যাগ থেকে এক বান্ডিল টেপ, দড়ি, দ্বিতীয় একটি হাতুড়ি, একজোড়া দস্তানা ও একটি জার্নাল পাওয়া যায়। অনুপ্রবেশকারী বাসভবনের পেছনের দিকের একটি কাঁচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

ডেপাপে হাতুড়ি হাতে পেলোসির দ্বিতীয় তলার শয়নকক্ষে প্রবেশ করে পলকে ঘুম থেকে ডেকে তুলে এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চায়। তার স্ত্রী কয়েকদিন বাড়ির বাইরে থাকবেন বলে জানায় পল। এর জবাবে অনুপ্রবেশকারী যতক্ষণ পেলোসি না ফিরছেন ততক্ষণ তিনি এ বাড়িতেই তার জন্য অপেক্ষা করবেন বলে জানায়। এক পর্যায়ে পল হামলাকারীর হাত থেকে পালিয়ে বাথরুমে গিয়ে ৯১১ তে ফোন দেন।  

গ্রেফতারের পর সন্দেহভাজন হামলাকারী পুলিশকে জানান, তার পরিকল্পনা ছিল ন্যান্সি পেলোসিকে জিজ্ঞাসাবাদের জন্য জিম্মি করা। পেলোসি যদি সত্যি কথা বলতেন তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো। আর মিথ্যা বললে তার হাঁটু ভেঙে ফেলা হতো বলে জানায় হামলাকারী।

ফেডারেল আদালতে আনা অভিযোগে দোষী সাব্যস্ত হলে ডেপাপের সর্বোচ্চ ৫০ বছরের কারাদণ্ড হতে পারে। অন্য অভিযোগগুলোতে তার সাজা সর্বোচ্চ ১৩ বছরের কারাদণ্ড হতে পারে।

ইত্তেফাক/ডিএস