টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৪:১৯

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিরুদ্ধে টসে জিতে বোলিংয়ে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টে দুই দলেরই চতুর্থ ম্যাচে আজ জয়ের বিকল্প নেই কারো সামনেই।

অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টায় ভারত বধের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে জিতলে বিশ্বকাপের শেষ চারে যাওয়ার পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ, আর হারলে সেই পথটা হয়ে উঠবে প্রায় দুঃসাধ্য।

সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-২ তে প্রতিটি দলই তিনটি করে ম্যাচ শেষ করেছে। এদের মধ্যে নেদারল্যান্ডস ছাড়া বাকিরা সেমিফাইনালের দৌড়ে টিকে আছে এখনো। 

ডাচদের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে আত্মবিশ্বাসে আঘাত লাগে টাইগারদের। পরের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে আবার জয়ের ধারায় ফিরেছে টাইগাররা।

তিন ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন সেমিফাইনালের স্বপ্ন দেখছে টিম টাইগার্স। তবে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারায় নেট রানরেটএর অবস্থাটাও হয়ে পড়েছে নাজুক। শেষ চারে যেতে হলে পরের দুই ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারাতে হবে। সেক্ষেত্রে নেট রান রেট যেমনই হোক না কেন ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হবে টাইগারদের।

অন্যথায় দুই ম্যাচের মধ্যে একটি হারলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকে। বাংলাদেশের সমান চার পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে ভারত। সেমিতে উঠতে হলে জয়ের বিকল্প নেই তাদের সামনেও। টাইগারদের বিপক্ষে হারলে হুমকির মুখে পড়ে যাবে রোহিত শর্মার দলের সেমিফাইনালে যাওয়ার পথও। 

ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্যে বাংলাদেশ আজ মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে। আজ টাইগার একাদশে খেলবেন চার পেসার। শরিফুল ইসলামকে জায়গা দিতে গিয়ে আজ একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার। তার জ্জায়গায় আজ ওপেনিংয়ে ফিরবেন লিটন দাস।

ভারতও আজ মাঠে নামছে একটি পরিবর্তন নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা দীপক হুদার জায়গায় আজ ভারতের একাদশে এসেছেন অক্ষর প্যাটেল। 

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), মোহাম্মদ শামি, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আর্শদিপ শিং। 

ইত্তেফাক/এসএস