বাজেটে হতাশ হাওরবাসী

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:৪০

বাজেটে বেশকিছু চমক থাকলেও হাওর অঞ্চলের মানুষের জন্য নেই কোনো সুসংবাদ- এমনটাই মনে করছেন হাওরপাড়ের বাসিন্দারা। তাদের প্রত্যাশা ছিল, বাজেটে হাওরবাসীর জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হবে। এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসহ সামগ্রিক উন্নয়নে বিশেষ বরাদ্দ রেখে বাজেট পেশ করা হবে। কিন্তু তেমন কোনো সুসংবাদ না থাকায় হতাশা প্রকাশ করেছেন অনেকেই। হাওরের প্রাণি ও মত্স্য সমপদ উন্নয়নের জন্যও বাজেটে কোনো বিষয় উল্লেখ করা হয়নি।

অকাল বন্যা রোধে বিশেষ বরাদ্দ প্রয়োজন: গত দুই বছর হাওরের কৃষকরা জমির ধানও সঠিকভাবে ঘরে তুলতে পারেনি। অকাল বন্যায় বিস্তীর্ণ হাওরের ফসল    পানির নিচে তলিয়ে যায়। তাই হাওর এলাকায় অকাল বন্যা রোধে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা প্রয়োজন ছিল। ফসল রক্ষা বাঁধের অভাবে প্রতিবছর লাখ লাখ কৃষকদের পথে বসতে হয়। সেই বাঁধগুলো বিশেষ পদ্ধতিতে নির্মাণ প্রয়োজন। বাজেটে হাওর এলাকার নদীগুলো খননের জন্য বরাদ্দ আশা করেছিল হাওরবাসী।