লিটনের ইনিংস আপনাকে চাপে ফেলবেই : রাহুল

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৬:০৪

ভারতের বিপক্ষে লিটন প্রায় একাই ম্যাচ বের করে নিয়েছিলো। দুর্ভাগ্যজনকভাবে ভেজা মাঠে স্লিপ কেটে পড়ে হয়েছেন রান আউট। তার আগ পর্যন্ত লিটন যেভাবে ব্যাট চালিয়েছেন তাতে বিপাকে পড়েছিলেন ভারতের বোলাররা। লিটনের সামনে যেই এসেছে তাকেই বেধড়ক পিটিয়েছেন। লিটনের ব্যাট হয়ে উঠেছিলো খাপখোলা তলোয়ার।

লিটনের ২১ বলের ঝড়ো ফিফটিতে বাংলাদেশ উড়ন্ত সূচনা পেয়েছিলো তাতে বৃষ্টির আগে ৭ ওভারে বিনা উইকেটেই ৬৬ রান তুলে ফেলে বাংলাদেশ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ভারতের চেয়ে ১৭ রানে এগিয়েই ছিলো বাংলাদেশ।
 
বৃষ্টি নামার আগ পর্যন্ত বা বৃষ্টির পর দুর্ভাগ্যজনক রানআউট হওয়া পর্যন্ত ভারতীয় বোলারদেরই যে বিধ্বংসী চাপে রেখেছিলেন লিটন সেটিও স্পষ্ট বোঝা গেছে লিটন আউট হওয়ার পর রাহুল-অশ্বিনদের উল্লাস দেখেই। 

লিটনকে ডিরেক্ট থ্রোতে রানআউট করেছেন যে রাহুল সেই পরে প্রশংসা করেছেন লিটনের ইনিংসের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাহুল বলেন, ভারতের কোন পরিকল্পনাই কাজে লাগছিল না লিটনের বিপক্ষে।    

ভারতীয় ওপেনার বলেন,  ‘প্রথম ৬ ওভার আমাদের পরিকল্পনা অনুযায়ী যায়নি। আমি মনে করি লিটন দাস একটা অসাধারণ ও দুর্দান্ত ইনিংস খেলেছে। এমন একটা ইনিংস বোলিং ও ফিল্ডিংয়ের জন্য চাপ তৈরি করে। সে খুব ভালো শট খেলেছে, আমাদের বোলারদের সেরা সেরা ডেলিভারীগুলোও মার খেয়েছে লিটনের কাছে। এমন ইনিংস আপনাকে চাপে ফেলবেই।’

লিটনের এমন ইনিংসে চাপে পড়লেও নিজেদের উপর বিশ্বাস ছিল বলেওম জানিয়েছেন রাহুল। তিনি বলেন, ‘আমরা নিজেদের উপর আস্থা রেখেছিলাম যে পাওয়ার প্লে শেষ হলে তারপর খেলায় ফিরতে পারব। পাওয়ার প্লে'র পরে (সপ্তম ওভারে) অক্ষর পাটেল এসে এক ওভার ভালোও করেছিল। বৃষ্টি না এলেও তাদের উপর আমরা হয়তো নিয়ন্ত্রণ নিয়ে আসতাম।’

লিটনের এই দুর্দান্ত ইনিংস নিয়ে প্রশংসা ঝরেছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের কাছ থেকেও। তিনি বলেন, ‘গত ২-৩ বছর ধরে ও খুব ভালো খেলছে। টি-টোয়েন্টি হয়তো বছরটা খুব ভাল খেলছে। কিন্তু আপনি যদি ওর ওয়ানডে বা টেস্ট দেখেন ওর শেষ দুই বছর খুব ভালো খেলেছে।’

ইত্তেফাক/এসএস