নোয়াখালীর হাতিয়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার রহমত বাজার এলাকায় বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় ওই সংঘর্ষে আরও একজন আহত হন।
নিহত আবুল হাসেম বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের আলী আজ্জমের ছেলে, পেশায় মাঝি। আহত ফয়েজ উদ্দিন (৩৪) একই এলাকার বাসিন্দা।
এঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন-শরিফ উদ্দিন (৩৫) ও জুয়েন উদ্দিন (৩৮)।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, বেশ কয়েকদিন থেকে একই এলাকার মো. হোসেনের সঙ্গে ফয়েজ উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রহমত বাজারে দুপক্ষের সংঘর্ষে হয়।
এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে আবুল হাসেম মাঝি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত ফয়েজ উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
