গাজীপুর সদর উপজেলা নির্বাচন

আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

আপডেট : ১৫ জুন ২০১৯, ০০:২১

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রীনা পারভীনের নির্বাচনী ক্যাম্পে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি ছিটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে নির্বাচনী প্রচারণা ক্যাম্পটির ব্যাপক ক্ষতি হয়েছে। খবর পেয়ে রাতেই জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রীনা পারভীন অভিযোগ করে বলেন, শুক্রবার সকালে ওই নির্বাচনী ক্যাম্পটি তার উদ্বোধনের কথা ছিল। কিন্তু দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে কেরোসিন ঢেলে ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। এতে ক্যাম্পের বেড়া, নির্বাচনী পোষ্টার ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় তার কর্মী সমর্থকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এ ঘটনার জন্য অ্যাডভোকেট রীনা পারভীন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান ইজাদুর রহমান চৌধুরীকে দায়ী করে বলেন, তার সমর্থকদের দিয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তিনি এলাকায় টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং নানা অপপ্রচার করে নির্বাচন নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছেন।

তবে স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান চৌধুরী বলেন, এ ঘটনার সঙ্গে তিনি বা তার কর্মী-সমর্থকদের কেউ জড়িত নয়। তাকে নির্বাচনী মাঠ থেকে বিতাড়িত করতেই আওয়ামী লীগ প্রার্থী তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

জয়দেবপুর থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ জানান, নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, পঞ্চম ধাপে আগামী ১৮ জুন গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।