তিনদিন আগে ঢাকা থেকে অপহরণ করে ইমরান (২৮) নামে এক কাপড় ব্যবসায়ীকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার এক বাসায় আটকে রেখে মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। গতকাল শুক্রবার দুপুরে জালকুড়ি সিকদারবাড়ী এলাকার ওই বাসা থেকে ‘বাঁচাও বাঁচাও’ চিত্কার শুনে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঐ বাসায় অভিযান চালিয়ে অপহূতকে উদ্ধার করে। এ সময় ঐ বাসা থেকে দুই অপহরণকারীকে আটক করা হয়।
জানা যায়, অপহূত ব্যবসায়ী ইমরান নড়াইল জেলা সদর থানার আউরিয়া এলাকার মৃত রাঙ্গা মোল্লার ছেলে। তিনি ঢাকার উত্তর খান এলাকার চামুর খান মোড় থেকে ১১ জুন অপহূত হন। এরপর অপহরণকারীরা হত্যা করার হুমকি দিয়ে মোবাইল ফোনে তার স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে। ইমরানকে ফিরে পেতে স্বজনরা দু’দফায় বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা মুক্তিপণও দেয়।
গতকাল শুক্রবার বেলা ১১টার সময় জালকুড়ি সিকদারবাড়ী এলাকার আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ভাড়া বাড়ির পঞ্চম তলা থেকে ‘বাঁচাও বাঁচাও’ চিত্কার শুনে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই আবদুর রাজ্জাক দুপুর ১২টায় ওই বাড়ির পঞ্চম তলার ভাড়াটিয়া সজল ইসলামের ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে সজল ইসলাম (২৮) এবং তার স্ত্রী মৌসুমী আক্তার মিতুকে গ্রেফতার করে।
