মা ভাইকে বাড়িতে প্রবেশে বাধা

ব্যারিস্টার তুরিনের বিরুদ্ধে জিডি

আপডেট : ১৫ জুন ২০১৯, ০০:২৪

মা ও ভাইকে বাড়িতে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। গতকাল শুক্রবার উত্তরা পশ্চিম থানায় তার ভাই কানাডা প্রবাসী শাহনেওয়াজ আহমেদ শিশির এ অভিযোগ করেন।

উত্তরা পশ্চিম থানার এসআই মশিউর রহমান জানান, ব্যারিস্টার তুরিন আফরোজের ভাই এ অভিযোগে একটি জিডি করেছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। জিডিতে শাহনেওয়াজ উল্লেখ করেন উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িটির মালিক তিনি। সাড়ে আট কাঠার প্লটে একটি পাঁচতলা বাড়ি ও একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে। কানাডায় শিক্ষকতা করার কারণে ওই বাড়িতে তার বোন ব্যারিস্টার তুরিন আফরোজ থাকেন। এরপর থেকে তুরিন আফরোজ নিজেকে ওই বাড়ির মালিক বলে দাবি করতে থাকেন। এ কারণে তিনি গতকাল ভোরে দেশে ফিরেন। সকালে তিনি তার মাকে নিয়ে ওই বাড়িতে ঢুকতে চাইলে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা ও ব্যক্তিগত দেহরক্ষী বাধা দেয়। বাড়ির ভেতরে ঢুকতে অনুমতি চাইলে তিনি তা দেয়নি। এসময় তুরিন আফরোজ তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। বাধ্য হয়ে মাকে নিয়ে উত্তরায় তার শ্বশুর বাড়িতে ওঠেন।

জিডির ব্যাপারে ব্যারিস্টার তুরিন আফরোজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।