আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে তরুণশিল্পী ইকবাল বাহার চৌধুরীর ‘নুড়ি ও কনা’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। গতকাল শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী শহীদ কবির। বিশেষ অতিথি ছিলেন স্থপতি সালাউদ্দিন আহমেদ। প্রদর্শনীতে ইকবাল বাহার চৌধুরীর ৬০টি চিত্র প্রদর্শিত হবে।
ইকবাল বাহার চৌধুরী ছাপচিত্রে বিমূর্ত ধারার শিল্পী। যেখানে তিনি নিজেকে ভেঙেচুরে নানাভাবে অস্বেষণ করেন। কিংবা নানা নিরীক্ষার মধ্য দিয়ে তিনি নিজেই যেন শিল্পের সন্ধান করে চলেছেন। ইকবাল বাহার চৌধুরী বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে ‘কিবরিয়া ইয়াং প্রিন্টমেকার অ্যাওয়ার্ড-২০১৮’ (প্রথম স্থান), বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘চিন্তার স্বাধীনতা: বাংলাদেশ-জাপান সাম্প্রতিক শিল্প উত্সব’-এ গোল্ডেন অ্যাওয়ার্ড (গ্র্যান্ড অ্যাওয়ার্ড)। ইতোমধ্যেই তিনি দেশে ও বিদেশে বিভিন্ন দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন, যার মাঝে রয়েছে ২০১৫ ও ২০১৭-সালে ‘বেইজিং আন্তর্জাতিক শিল্প দ্বিবার্ষিকী’, ২০১৮ সালে ‘তাইওয়ান মুদ্রণ দ্বিবার্ষিকী’ এবং ২০১৪ ও ২০১৮ সালে ‘এশিয়ান শিল্প দ্বিবার্ষিকী’।
প্রদর্শনী চলবে ২৯ জুন পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
তিন শিল্পী গাইলেন রবীন্দ্র সঙ্গীত
বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত তিন দিনের গানের আসর ‘গানের ঝরনাতলায়’ গতকাল দ্বিতীয় দিন গান গাইলেন তিন শিল্পী। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বসেছে এ গানের আসর। শিল্পী ফাহিম হোসেন চৌধুরী রবীন্দ্র সঙ্গীতের নন্দিত শিল্পী। তিনি গাইলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি, পূজা ও প্রেম পর্বের বেশ কিছু সঙ্গীত। এর পাশাপাশি তরুণ দুই শিল্পী নূর-ই-রেজিয়া মম ও আদ্রিনা জামিলীও রবীন্দ্র সঙ্গীত গেয়ে মুগ্ধতা ছড়িয়েছেন। আজ অনুষ্ঠানের শেষ দিনে শিল্পী চন্দনা মজামুদারের রাধা রমণের গানের অ্যালবাম ‘প্রাণবন্ধু বিহনে’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন ও শিল্পীর গানের আসর বসবে।
