জিতলেই সেমিফাইনাল, এমন সমীকরণ আর জয়ের স্বপ্ন নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং নিয়ে শুরুতে লিটনকে হারালেও নাজমুল হোসেন শান্ত আর সৌম্য সরকার মিলে ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে টাইগারদের ইনিংস।
প্রথম ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে আজ তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ।
সৌম্য সরকার ফিরলেও আজ নাজমুল হোসেন শান্তর সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন লিটন দাসই। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলো বাংলাদেশ।
প্রথম দুই ওভারে দেখেশুনে খেলার পাশাপাশি দুই বাউন্ডারিতে ১৩ রান তুলে ফেলে শান্ত-লিটন। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই শাহিন শাহ আফ্রিদিকে উড়িয়ে বাউন্ডারি ছাড়া করেন লিটন। তবে বিপদটা আসে তিন বল পরেই। ওভারের পঞ্চম বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে শান মাসুদের হাতে ধরা পড়েন লিটন। সাজঘরে ফেরার আগে লিটন করেন ৮ বলে ১০ রান।
পরের ওভারের প্রথম বলেই শান্তর ক্যাচ ফেলেন শাদাব খান। এরপরই অবশ্য সৌম্য-শান্ত মিলে চড়াও হয়েছেন মোহাম্মদ ওয়াসিমের ওপরে। শান্তর বাউন্ডারি আর সৌম্যর ওভার বাউন্ডারিতে এই ওভার থেকে আসে ১৩ রান।
পাওয়ার প্লে'র শেষ দুই ওভার দেখেশুনেই কাঁটিয়ে দেয় দুই টাইগার ব্যাটার মিলে। ৬ ওভার শেষে বাংলাদেশের সগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৪০ রান। পাওয়ার প্লের পরেও রানের ধারা অব্যাহত রেখেছে এই দুই ব্যাটার। তাদের ব্যাটে ভর করে প্রথম ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্ত ৩৭ বলে ৪১ ও সৌম্য ১৫ বলে ১৮ রান করে ক্রিজে আছেন
