যশোরের চৌগাছায় পুকুর ইজারা নিয়ে দ্বন্দ্বে মমিনুর রহমান (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে আপন খালাতো ভাইরা। শুক্রবার সকালে উপজেলার লস্কারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমিন ওই গ্রামের শামসুদ্দিন ওরফে ঈসমাইলের ছেলে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, গ্রামের একটি পুকুরের মালিক দুই ভাই। তারা গ্রামে থাকেন না। এদের এক ভাইয়ের কাছ থেকে পুকুর ইজারা নেন ইউনুস ও তার অন্য ভাইরা। এরই মধ্যে আরেক ভাইয়ের কাছ থেকে পুকুরের ইজারা নেন মমিনুর রহমান। সকালে সেই পুকুরে খুঁটিপুঁতে নেট জাল দিচ্ছিলেন মমিনুর। এতে ক্ষিপ্ত হয়ে মমিনুর রহমানকে কুপিয়ে হত্যা করে তার আপন খালাতো ভাই ইউনুস আলী, আলম ও মশিয়ার রহমান। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
চৌগাছা হাসপাতালের চিকিত্সক ডা. সুব্রত কুমার বাগচী বলেন, হাসপাতালে আনার আগেই মমিনুরের মৃত্যু হয়। তার শরীরের দুই হাত, বুক পিঠসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
নিহত মমিনুর রহমান সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ড. মোস্তানিছুর রহমানের হয়ে কাজ করেছিল। অন্যদিকে হত্যাকারীরা বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমানের আনারস প্রতীকের কর্মী ছিল। নির্বাচন কেন্দ্রিক পূর্বশত্রুতাও এ হত্যার পেছনে কাজ করেছে বলে অনেকে মন্তব্য করেন।
