গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের ব্যাপক প্রকোপ দেখা দিয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই এই রোগাক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের শিশু বিভাগে গিয়ে দেখা যায়, বেড ও মেঝেতে রোগী আর রোগী। যেন তিল ধারণের ঠাঁই নেই।
হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা জীবন্নাহার জানান, গত ৭ দিনে ৩৬ জন ডায়রিয়া এবং ১০৮ জন নিউমোনিয়া রোগী ভর্তি হয়েছে। প্রতিদিনই গড়ে ৩০ থেকে ৩৫ জন করে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগী হাসপাতালে আসছে। কোন কোন রোগী ডাক্তারের পরামর্শ নিয়ে যাচ্ছে, আবার জটিল রোগীদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
শহরের সয়াধানগড়া মহল্লার বৃষ্টি জানান, দুই দিন আগে মেয়ের শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে এসেছি। এখন অবস্থা কিছুটা ভালো।
বেলকুচি উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল হামিদ জানান, তিন দিন আগে ডায়রিয়া আক্রান্ত মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের শিশু বিশেজ্ঞ ডা. মেহেদি হাসান বলেন, দিনে গরম রাতে ঠাণ্ডাজনিত কারণে শিশুদের মাঝে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এছাড়া ধুলাবালিও এ রোগ বৃদ্ধির কারণ।
তিনি জানান, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ জন শিশু নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। শিশুদের এ থেকে রক্ষায় ঠাণ্ডা এবং গরম থেকে সতর্ক রাখতে হবে। তাছাড়া ধুলাবালির সংস্পর্শ থেকে রক্ষা করতে হবে।
