মা, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ ডলার বা প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৩১ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাসের এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, পঞ্চগড় জেলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবাবিষয়ক একটি প্রশিক্ষণ মডেল সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন।
যুক্তরাষ্ট্রের দেওয়া এই সহায়তার আওতায় নবজাতকের শরীর উষ্ণ রাখা এবং শ্বাসপ্রশ্বাসে সহায়তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম থাকছে। পাশাপাশি গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় উপকরণও দেওয়া হবে।
এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। মার্কিন অর্থায়নে FHI 360, Jhpiego, JSI এবং ইউনিসেফের মাধ্যমে সহায়তা কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে।
মার্কিন দূতাবাসের ভাষ্য, এই সহায়তার মাধ্যমে বাস্তবভিত্তিক অংশীদারত্বের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবন এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।
এ উদ্যোগ ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নেও সহায়ক ভূমিকা রাখবে বলে জানিয়েছে দেশটি। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

