নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গান রেকর্ডিংয়ের স্টুডিওতে এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার চৌধুরিবাড়ি এলাকায় স্থানীয় কবি ও লেখক এস এম শামীমের বাড়ির নীচতলায় এই দুর্ঘটনা ঘটে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা বলেন, সকাল থেকে বাড়ির নিচ তলায় মার্ক ভিডিও রেকর্ডিং নামের স্টুডিওতে গান ও মিউজিক ভিডিও রেকর্ডিংয়ের কাজ চলছিল। দুপুরে স্টুডিওটির ভেতর থেকে হঠাৎ বিকট শব্দে রুমের দরজা জানালা ভেঙে যায় এবং ধোঁয়া বের হতে থাকে। পরে স্বজনরা রুমের ভেতরে গিয়ে এস এম শামীমের ছেলে বাবন ও তার বন্ধু মাহিনকে দগ্ধ অবস্থায় কাতরাতে দেখেন।
এ সময় বাড়ির আশেপাশের তিনজন আহত হন। পরে দগ্ধ দুই যুবকসহ আহতদের উদ্ধার করে শহরের খানপুর এলাকায় হাসপাতালে নেওয়া হয়। এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়।
ডা: শাহাদাত হোসেন বলেন, দগ্ধ দুইজনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে একজনের শরীরের ৩০ শতাংশ এবং অপরজনের ৪৫ শতাংশ পুড়ে গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গুরুতর অবস্থায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
