ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চাঞ্চল্যকর শিক্ষক হোসাইন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বাদীসহ এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার (৭ নভেম্বর) দুপুরে থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।
সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রমজান আলী ও মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম এবং নিহতের বাবা নুরুল হক ও মা হোসনা খাতুন।
বক্তারা বলেছেন, হোসাইন হত্যার ১২ দিনেও কোনো আসামিকে গ্রেফতার না করা এবং ইতোমধ্যে সন্দেহজনক ৭ জনকে থানায় ধরে এনে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে কিনা এ নিয়ে প্রশ্ন তোলেন। তারা আসামিদের আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের জন্য পুলিশকে আলটিমেটাম দেন। পরে তারা এ নিয়ে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরকে স্মারক লিপি দেন।
গত ২৭ অক্টোবর সকালে ভরনিয়া বাজারের পাশে রাস্তা সংলগ্ন ধান ক্ষেত থেকে কোচিং শিক্ষক হোসাইন আলীর (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেন।
রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, ৭২ ঘণ্টা নয়, ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে প্রকৃত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
স্মারকলিপি পেয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, স্মারক লিপি পেয়েছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

