করোনার সময় বিএনপিকে খুঁজে পাওয়া যায়নি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২১:৩১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, বিএনপি তো অনেক কথাই বলে অথচ করোনার সময় তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। মানুষের পাশে ছিল না বিএনপি। 

তিনি বলেন, শেখ হাসিনা সরকার হিমালয় পর্বতের মতো। চাইলেই লাঠি নিয়ে, মিছিল করে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। 

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে শিবচর প্রশাসনের আয়োজনে নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য সেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, ৪০ হাজার কোটি টাকা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ জন্যই দেশের মানুষ সুরক্ষিত। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম ধাপেই ভ্যাকসিনের অর্ডার দিতে খরচ হয়েছে ৭ হাজার কোটি টাকা। যা তিন দিনের মধ্যেই কাজটি করা হয়েছে। করোনার পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিনের সিরিঞ্জ সংকট থাকায় তা বিমানে করে রাতারাতি আনা হয়েছে। করোনার সময় চিকিৎসক ও নার্সরা পালিয়ে যায়নি। প্রত্যেকেই  জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করেছে। বিরোধীদলগুলো শুধু মিথ্যাচার করছে। 

বিরোধীদল বলছে আওয়ামী লীগ খাদ্যের দাম বাড়িয়েছে। কিন্তু না, খাদ্যের দাম আওয়ামী লীগ বাড়ায়নি। যুদ্ধের কারণে বিশ্বের সব দেশেই খাদ্যের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। তবু প্রধানমন্ত্রী এ সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের মানুষকে ভালো রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ শিবচর আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ সচিব মো. সাইফুল হাসান বাদল, জেলা  প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার মো. মাসুদ আলম, শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান, মাদারীপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম, মাদারীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গোলাম মো. আজম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মিঠুন বিশ্বাসসহ আরও অনেকেই। 

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন মঙ্গলবার সকালে চৌধুরী ফাতেমা বেগম ২০ শয্যা বিশিষ্ট মা- কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর, ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার ও শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিসহ একাধিক উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন। 

এ সময় চীফ হুইপ বলেন, শিবচরে স্বাস্থ্যখাতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ডাক্তাররা শিবচরের বেতন নিবেন আর ঢাকায় থেকে পরিবার নিয়ে সুবিধা নিবেন এটা হতে দেওয়া হবে না। শিবচরের জনগণ যাতে সঠিক সেবাটি পায় সেভাবে কাজ করতে হবে। শিবচরের মানুষ যাতে স্বাস্থ্যসেবা পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ অতিথিবৃন্দরা ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাইয়ের) কবর জিয়ারত করেন। এরপর শিবচর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে ঘুরে দেখেন মন্ত্রী ও চীফ হুইপসহ অতিথিরা।

ইত্তেফাক/পিও