নিষ্প্রভ বাবর জ্বলে উঠবেন এবার?

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৩:১৫

পাকিস্তানের অধিনায়ক তিনি, সেরা ব্যাটসম্যানও তিনি। কিন্তু চলতি টি-২০ বিশ্বকাপে নিজের ব্যাটিং সত্তাটা এখনো পর্যন্ত ফুটিয়ে তুলতে পারেননি বাবর আজম। পাঁচ ম্যাচে তার ব্যাট থেকে রান এসেছে মাত্র ৩৯। যা বেমানান তো বটেই, অনেকের কাছে অবিশ্বাস্যও লাগছে?

বড় খেলোয়াড়রা সব সময়ই জ্বলে ওঠার বড় মঞ্চকেই বেছে নেন। ‘নিষ্প্রভ’ বাবরের জন্য বড় মঞ্চ তৈরি। আজ সেমিফাইনালে নিউজিল্যান্ড বিপক্ষে জ্বলে উঠতে পারবেন তো ডানহাতি এই ব্যাটসম্যান? পরিসংখ্যান বলছে কিউইদের সঙ্গে বেশ সাবলীলভাবেই খেলতে পারেন তিনি। ১০ ম্যাচে ৪৫ ছুঁইছুঁই গড়ে তুলেছেন ৩৫৯ রান। স্ট্রাইক রেট যদিও ১২১ এর কিছুটা ওপরে।

তবে এই বিশ্বকাপে মারমার-কাটকাট ব্যাটিং খুব কমই দেখা গেছে। বিশেষ করে ওপেনিংয়ে, কোনো ওপেনারই সেভাবে ধারাবাহিক ছিলেন না। আর বাবরের জন্য তো তা আদর্শ উইকেটই। একটু ধরে খেলে থিতু হওয়ার পর গিয়ার বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু এবার যেন কিছুতেই কিছু হচ্ছে না।

সেমিফাইনালের আগের দিন হলেও গতকাল সিডনিতে কোনো অনুশীলন করেনি পাকিস্তান। তবে ব্যাট-প্যাড নিয়ে ঠিকই এসেছিলেন বাবর। একাই এক ঘণ্টা যাবৎ ব্যাটিং প্র্যাকটিস করছিলেন। বাজে ফর্ম কাটিয়ে উঠতে তিনি কতটা উদগ্রীব তা এতেই প্রকাশ পায়। এই বাজে সময়ে তার কাঁধে আস্থার হাত রাখলেন মেন্টর ম্যাথু হেইডেন। সেমিফাইনালে ‘স্পেশাল’ কিছু দেখার অপেক্ষায় আছেন তিনি।

গতকাল সংবাদ সম্মেলনে বাবরের অফ ফর্ম নিয়ে হেইডেন বলেন, ‘আমরা সবাই জানি সবার ক্যারিয়ারে উত্থান-পতন থাকে। এই বিষয়ে কোনো প্রশ্ন নেই যে বাবর প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। এটি তাকে আরো বড় খেলোয়াড়ে পরিণত করবে। এ নিয়ে প্রচুর কথা হচ্ছে এবং আমরা যারা ড্রেসিং রুমে আছি, তারা বুঝি ক্রিকেট খুব কঠিন খেলা। আপনি সব সময় সেঞ্চুরি-ফিফটি বা ১৪০ স্ট্রাইকরেটে ব্যাটিং করতে পারেন না। তবে ঝড় আসার আগ মুহূর্তে পরিবেশ যেমন থমথমে থাকে, বাবরের ক্ষেত্রে সেটাই হচ্ছে। আমি মনে করি, বাবরের থেকে স্পেশাল কিছু দেখতে যাচ্ছেন আপনারা।’

রানে না থাকায় মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে রসায়নটা জমছে না বাবরের। অথচ পাকিস্তানের সেরা দুই ব্যাটসম্যান। গত দুই বছরেই অনেক ম্যাচেই জয়ের ভিত গড়ে দিয়েছেন তারা। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের জ্বলে ওঠাটা জরুরি পাকিস্তানের জন্য। হেইডেন বলেন, ‘বাবর ও রিজওয়ান আমাদের ১ নম্বর কম্বিনেশন। আপনাদের একটু ২০০৭ বিশ্বকাপে নিয়ে যাই। অস্ট্রেলিয়ার অপরাজিত চ্যাম্পিয়ন অভিযানে বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। কিন্তু ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য এক সেঞ্চুরি করে টুর্নামেন্টে তার প্রতিভা বুঝিয়েছিলেন তিনি। আমরা নিজেদের ক্যারিয়ারে চাপ অনুভব করি, বাবরের কাছেও তা আলাদা নয়।’

বাবর পারবেন কি ১৯৯২ বিশ্বকাপের ইনজামাম উল হক হতে? অস্ট্রেলিয়া অনুষ্ঠিত সেই ওয়ানডে বিশ্বকাপে এই নিউজিল্যান্ডকে হারিয়েই ফাইনালে উঠেছিল পাকিস্তান।

ইত্তেফাক/ইআ