শীর্ষে ফিরলেন হাসারাঙ্গা

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৭:০০

আইসিসির টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে আবারও শীর্ষস্থানে ফিরলেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা। গত শনিবার গ্রুপ পর্বে শ্রীলঙ্কার শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২৩ রানে ২ উইকেট নেন হাসারঙ্গা। ওই ২ উইকেটেই এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর জায়গা দখল করেন তিনি।

এখন পর্যন্ত প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভ পর্ব মিলিয়ে ৮ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েই বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে ফিরলেন লঙ্কান এই স্পিনার। 

আফগান লেগ স্পিনার রশিদ খানকে টপকে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় শীর্ষস্থান ফিরে পান হাসারাঙ্গা। বর্তমানে হাসারাঙ্গার রেটিং পয়েন্ট ৭০৪। ৬৯৮ রেটিং নিয়ে র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে অছেন রশিদ। 

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস, স্পিনার নাসুম আহমেদ ও পেসার মুস্তাফিজুর রহমানের।

ব্যাটিং র‍্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে ৩১ নম্বরে জায়গা করে নিয়েছেন লিটন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিটনের এটিই সেরা র‍্যাংকিং।

বোলিং র‍্যাংকিংয়ে ৬ ধাপ উপরে উঠে ২৬তম স্থানে রয়েছেন নাসুম। বাংলাদেশের বোলারদের মধ্যে এখন সেরা এই স্পিনারই। ৫ ধাপ এগিয়ে মুস্তাফিজ আছেন  ৩৬তম স্থানে আছেন ।

এছাড়া টাইগার বোলারদের মধ্যে সাকিব আল হাসান ৩১তম স্থানে, পেসার তাসকিন আহমেদ আছেন ৫০ নম্বরে ও হাসান মাহমুদের অবস্থান ৮৩তম স্থানে।
 
টাইগারদের মিডল অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন ২ ধাপ এগিয়ে এখন আছেন ৪৭তম স্থানে। পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে বাংলাদেশের পঞ্চম ও শেষ ম্যাচে ৫৪ রান করেন নাজমুল হোসেন শান্ত। প্রথমবারের মত সেরা ১শতে জায়গা পাওয়া শান্ত ৩৯৮ রেটিং নিয়ে আছেন ৮৮ নম্বরে।

৮৬৯ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। 

এছাড়া ২৫২ রেটিং নিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকার শীর্ষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ইত্তেফাক/এসএস