হাসপাতাল থেকে শিশু চুরি, কার দিকে অভিযোগের আঙুল?

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৮:২১

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে থেকে ৪ দিন বয়সী ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। নবজাতকের মায়ের নাম ইতি (২৩)। তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া বানদিঘী এলাকার সৈকত হাসানের স্ত্রী।

বুধবার (৯ নভেম্বর) দুপুরের দিকে গাইনি বিভাগ থেকে চুরির এ ঘটনা ঘটে।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ নবজাতক চুরির বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি জানার পর থেকেই বাচ্চাটির খোঁজ চলছে। সেই সঙ্গে মেডিক্যালে থাকা সিসি ক্যামেরা চেক করে অপরাধী শনাক্তের ব্যবস্থা চলছে। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।

নবজাতকের নানী সালেহা বেগম জানান, এই মাসের ৫ নভেম্বর আমার মেয়ের প্রসববেদনা শুরু হলে সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেই। পরের দিন রোববার সে ছেলে সন্তানের জন্ম দেয়। বুধবার ইতি ও আমার বড় মেয়ে রোজিনা বাচ্চকে নিয়ে গাইনি ওয়ার্ডে বসে ছিলো। এসময় অজ্ঞাত এক মহিলা নবজাতক জন্ম হওয়ায় আমাদের পাঁচ হাজার টাকা সরকারি সহায়তার আশ্বাস দেন।  এই বলে আমার বড় মেয়ে রোজিনা ও নাতিকে নিয়ে তিনি নিচ তলার বহিঃবিভাগে নিয়ে আসেন। একপর্যায়ে ওই মহিলা আমার বড় মেয়েকে কিছু কাগজ ফটোকপি করার কথা বলে আমার নাতিকে চুরি করে নিয়ে যান।

ইত্তেফাক/পিও