কক্সবাজার লাইট হাউজে ‘ঢাকার বাড়ি’ নামে একটি কটেজে ৪৫ বছর বয়সী একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনার পর পরই কটেজের ম্যানেজারসহ সংশ্লিষ্টরা সবাই আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে।
মৃত বুলু রুদ্র চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মৃত সুদাংশু রুদ্রের ছেলে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় ‘ঢাকার বাড়ি’ কটেজ থেকে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে বের করেন কয়েকজন ব্যক্তি। ওই ব্যক্তিকে বের করে একটি অটোরিকশায় তুলে হাসপাতালের দিকে নিয়ে যায়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, এক রোগীকে জরুরি বিভাগে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ঢাকার বাড়ি নামে একটি হোটেল থেকে তাকে আনা হয়েছে বলে তার এক স্বজন জানান। তবে ওই স্বজনও কৌশলে পালিয়ে যায়। ওই ব্যক্তির শরীরে কোন ধরনের আঘাত দেখা যায়নি। এছাড়া মৃত্যুর কারণও নিশ্চিত বলা যাচ্ছে না। লাশ হাসপাতালের মর্গে রেখে পুলিশকে জানানো হয়েছে।
এব্যাপারে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কটেজে এক ব্যক্তি অসুস্থবোধ করায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা গেছে বলে শুনেছি। তবে অন্য কোনো কারণ আছে কিনা জানি না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
