খুলনায় অনলাইন বেটিং অ্যাপসের মাধ্যমে অবৈধভাবে ডলার ও দেশীয় অর্থ লেনদেন চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৬। বুধবার (৯ বুধবার) রাত পৌনে ১১টার দিকে বটিয়াঘাটা উপজেলার নোয়াইলতলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. রুবেল জোয়ার্দার (২৯), মো. শাকিল আহম্মেদ (২৬) ও মো. তামিম শেখ (২২)।
র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার সাইদুজ্জামান জানান, 'বটিয়াঘাটা উপজেলায় একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন বেটিং ওয়েবসাইটের মাধ্যমে অর্থ লেনদেন করে আসছে। চক্রটি অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এবং বিকাশ, নগদ, রকেট ও ইউপে একাউন্ট ব্যবহারের মাধ্যমে অর্থ লেনদেন করে থাকে।
এসব তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল বুধবার রাত পৌনে ১১ টার দিকে বটিয়াঘাটা উপজেলার নোয়াইলতলা গ্রামে অভিযান পরিচালনা করে অনলাইন বেটিংয়ের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন চক্রের মূলহোতাসহ তার ২ সহযোগীকে গ্রেফতার করে। এ সময় সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃতদের থেকে অনলাইন বেটিংয়ের কাজে ব্যবহৃত ৩টি এনড্রয়েড স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর ও তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।'
