দশ বছর আগের বন্যা বিধ্বস্ত শোলার তাইর-বাঁশহাটা সেতুটি সংস্কার না করায় কুতুবপুর ও ভেলাবাড়ি ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
সেতুটি মেরামত ও সচল করার জন্য গ্রামবাসী প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন নিবেদন করেও কোনো ফল পাননি। জানা গেছে, ১৯৯৭ সালে শোলার তাইর- বাঁশহাটা খালের আরসিসি সেতুটি নির্মাণ করা হয়েছিল। ঐ সেতু সংযোগে কুতুবপুর, দেবডাঙ্গা ও মথুরাপাড়া হাট অবস্থিত। দশ বছর আগে বন্যায় সেতুর একটি অংশ বিধ্বস্ত হলে গ্রামবাসী নৌকায় পারাপার হতো।
যাতায়াতের সুবিধার জন্য গত বছর গ্রামের লোকজন সম্মিলিতভাবে বিধ্বস্ত সেতুতে বাঁশের সাঁকো সংযোগ করে। ঐ সাঁকো আবার নড়বড়া হয়ে পড়লে গ্রামবাসী পুনরায় বাঁশ দিয়ে মেরামত করার উদ্যোগ নেয়।
গ্রামের কৃষক রশিদ মিয়া, ফরিদ মিয়া এবং ওয়ারেছ আলী জানান, আর কয়েক দিন পরেই ধান কাটা শুরু হবে। ভাঙ্গা সেতুর কারণে আমরা মাঠ থেকে কাটা ধান বাড়িতে নিয়ে আসতে পারব না। তাই সবাই মিলে বাড়ি বাড়ি থেকে বাঁশ তুলে সাঁকো মেরামত করা হচ্ছে।
কুতুবপর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন বলেন, এ ব্যাপারে প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। সেতু মেরামতের জন্য ১০ হাজার টাকা দিয়েছি।
উপজেলা প্রকৌশলী তুহিন সরকার জানান, সেতুর ডিজাইন এ্যস্টিমেট করে উর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হবে।
