রেলযাত্রী হত্যা মামলায় পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৪:০০

৩০ বছর আগে রেলযাত্রীকে গুলি করে হত্যা মামলায় এক রেলওয়ে পুলিশ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। আসামি কনস্টেবল রওশন আলীর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার লালপুর গ্রামে। 

বুধবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) মো. আজিজুল হক এ রায় দেন। রায়ে জরিমানার টাকা নিহত আলাউদ্দিনের পরিবারকে দেওয়ার আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় রওশন আলী পলাতক ছিলেন। এপিপি অ্যাডভোকেট মুসা মিয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতীকী ছবি (সংগৃহীত)

মামলার সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ২০ ডিসেম্বর সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের বৃন্দাবন কলেজের ছাত্র রবিউল আলম ফয়েজসহ তার কয়েক জন বন্ধু সিলেট থেকে চট্টগ্রামগামী লোকাল ট্রেনে চড়ে শাহজীবাজারে যাচ্ছিলেন। পথে ট্রেনে দায়িত্বরত জিআরপি পুলিশ ও আনসার সদস্যরা তাদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন। এ সময় ট্রেনের যাত্রী কাজী মো. আলাউদ্দিনসহ (১৮) তার সঙ্গে থাকা আরও তিন-চার জন যাত্রী প্রতিবাদ করলে পুলিশ ও আনসার সদস্যরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। ঐ সময় কনস্টেবল রওশন আলী রাইফেল দিয়ে গুলি ছোড়েন। এতে কাজী মো. আলাউদ্দিন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন আরও দুজন। ঘটনার পরদিন নিহতের চাচা কাজী আব্দুল কাদির বাদী হয়ে শ্রীমঙ্গল জিআরপি থানায় মামলা করেন।

ইত্তেফাক/এমএএম