'রুশ বাহিনীর আত্মসমর্পণ ছাড়া কোনো পথ নেই' 

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ২২:১৫

রাশিয়ার সেনা প্রত্যাহারের ঘোষণার পর ইউক্রেনের ইউনিটগুলো খেরসন শহরে প্রবেশ করেছে। এই দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইউক্রেনের সামরিক বাহিনী খেরসনে যে প্রবেশ করেছে তা নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, খেরসনে এখনও রাশিয়ান বাহিনী রয়েছে। যাদেরকে তাদের কমান্ডাররা বেসামরিক পোশাক পরিধান করতে ও লুকিয়ে থাকার নির্দেশ দিয়েছে।  

রুশ বাহিনীকে উদ্দেশ করে ইউক্রেনের এই সংস্থা বলেছে, মৃত্যু এড়াতে আপনাদের কাছে একটি মাত্র সুযোগ আছে। তা হচ্ছে- শিগগিরই আত্মসমর্পণ করুন। অন্য কোনো পথ নেই। তবে এদিকে মস্কো দাবি করেছে, খেরসন থেকে তারা তাদের সমস্ত সেনাকে সরিয়ে নিয়েছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৬১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। 

ইত্তেফাক/এসআর