নিখোঁজের দুদিন পর সিরাজগঞ্জের শাহজাদপুরের করতোয়া নদী থেকে শনিবার ভোরে ১৮ বছর বয়সী কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মনির হোসেন পৌর সদরের রূপপুর পুরানপাড়া গ্রামের রিকশাচালক মো. হারুন অর রশিদের ছেলে এবং শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, গত বৃহস্পতিবার দুপুরের খাবার পর বন্ধুদের সঙ্গে করতোয়া নদীকে নৌকায় বেড়াতে বের হন ছাত্র মনির হোসেন। এরপর রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও তিনি আর বাড়ি ফেরেনি। তাকে অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। দুদিন পর শনিবার ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা তার লাশ নদীর পানিতে ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
