খেরসনে ইউক্রেনের 'অসাধারণ জয়', স্বাগত জানালো হোয়াইট হাউস

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৪:৩২

রাশিয়া অধিকৃত খেরসন শহর পুনরুদ্ধার ইউক্রেনের জন্য একটি 'অসাধারণ বিজয়' মনে হওয়ায় হোয়াইট হাউস শনিবার (১২ নভেম্বর) এর প্রশংসা করেছে। আল এরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের জানান, এটা দেখে মনে হচ্ছে ইউক্রেনের নাগরিকরা সবেমাত্র একটি অসাধারণ বিজয় অর্জন করেছে। সেখানে এই যুদ্ধে রাশিয়ার দখল করে নেওয়া একটি আঞ্চলিক রাজধানী এখন ইউক্রেনের পতাকাতলে ফিরে এসেছে এবং এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। 

এটি একটি বড় বিজয় ও গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইউক্রেনের জনগণের অবিশ্বাস্য দৃঢ়তা ও দক্ষতা এবং যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের নিরলস ও ঐক্যবদ্ধ সহযোগতিার কারণে তা সম্ভব হয়েছে বলে জানান জ্যাক সুলিভান। 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান

কম্বোডিয়ায় আসিয়ান সম্মেলনে অংশ নিতে সুলিভান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রয়েছেন। ইউক্রেনের সেনারা খেরসন শহরে প্রবেশের পর সুলিভান এ কথা বলেন।
 
ইউক্রেনের বিশাল অংশ রাশিয়ার দখলের ক্ষেত্রে এ শহর কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ ছিল। মস্কোর সঙ্গে আলোচনার জন্য বাইডেন প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিতে শুরু করেছে এমন খবরের বিষয়ে জানতে চাইলে সুলিভান জানান, ইউক্রেন নয়, রাশিয়া হলো সেই পক্ষ যাকে সিদ্ধান্ত নিতে হবে আলোচনার টেবিলে যাবে কি না।

ইত্তেফাক/ডিএস