বাজেট ভ্যাট পরিকল্পনা

আপডেট : ১৫ জুন ২০১৯, ১৭:৩৪

 

আবার আসছে নতুন অর্থবছর। ইতোমধ্যে বাজেট পেশ হয়েছে। বহুল ব্যবহার ঠেকাতে প্রতিবছরের মতো এবারও করারোপের মাধ্যমে দাম বাড়ছে সিগারেটের! সিগারেটের মতো আরো যেসকল অসঙ্গতির ওপর করারোপ করা যেতে পারে তা নিয়ে লিখেছেন শিমুল শাহিন

 

মেকআপ সামগ্রী

মেকআপ সামগ্রীর উপর করারোপ এখন সময়ের দাবি! করারোপ করা হলে এসব সামগ্রীর দাম বাড়বে, অনেকটা বাধ্য হয়েই তখন মেয়েরা বিরত থাকবে মেকআপ নেয়া হতে! বিভিন্ন অনুষ্ঠানে দিনদুপুরে ভূত দেখা থেকেও রক্ষা পাওয়া যাবে!

 

সেলফি

বর্তমানে সেলফি অনেকটাই ব্যাধির আকার ধারণ করেছে! পোলিও রোগীর মতো মুখ বাঁকিয়ে ছবি তোলাও এখন নতুন ট্রেন্ড! যে যত সেলফি তুলতে পারবে সে এখন তত মর্ডান! সেলফির উপর করারোপ করা হলে স্বয়ংক্রিয়ভাবে কমে আসবে এসব সেলফির দৌরাত্ম!

 

ভুঁড়ি

‘নারীর সৌন্দর্য শাড়িতে, আর পুরুষের সৌন্দর্য ভুঁঁড়িতে’ এ স্লোগানকে সামনে রেখে লোকজন গড়ে তুলছে গম্বুজের মতো একেকটা ভুঁড়ি! মনক্ষুণ্ন গৃহকর্ত্রীর মন রক্ষার্থে ভুঁড়ির উপর করারোপ করা যেতে পারে! কর দেবার ভয়েই ছেলেরা নিজ দায়িত্বে কমিয়ে ফেলবে ভুঁড়ি!

 

মার্কস

১০০ এর মধ্যে ৯৮ পেয়েও মন ভরে না অনেক অভিভাবকের! কয়েকটা মার্কস কম পেলেই বাচ্চার উপর ধোলাই চলে! মার্কসের ওপর করারোপ করা হলেই এ বিপত্তি থেকে মুক্তি মিলতে পারে! অভিভাবকই তখন বাচ্চাকে বলবে, ‘বাবারে বেশি লিখতে যাইস না, কোনোরকমে তেত্রিশ তুলেই চলে আসিস!’

 

ফেসবুক স্ট্যাটাস

কিছু ফেসবুক ব্যাবহারকারী কোনো উপলক্ষ ছাড়াই একটার পর একটা স্ট্যাটাস প্রদান করে! একেকদিন মাত্রা ছাড়িয়ে টাইমলাইন ভরে ওঠে সেসব অর্থহীন স্ট্যাটাসে! এ যন্ত্রণা লাঘবে সরকার করারোপ করে ব্যবস্থা নিতেই পারে!

 

হাহা রিয়্যাক্ট

কিছু লোক সব ধরনের স্টাটাসেই ‘হাহা’ রিএ্যাক্ট দিয়ে পিত্তি জ্বালিয়ে দেয়! আনন্দই হোক বা শোকের স্ট্যাটাস—কোনোটাই তার কাছে বিবেচ্য হয়ে ওঠে না! এক্ষেত্রে কর-ই ভরসা!

 

পান

সিগারেটের মতো পানের উপরও করারোপ করা যেতে পারে! বাসার দোতলা হতে বা চলন্ত বাস হতে ফেলা পানের বিশ্রী পিক থেকে রক্ষা পেতে করারোপছাড়া কোনো উপায় নেই!

রাজশাহী।