টি-২০ বিশ্বকাপ ফাইনাল

বৃষ্টির শঙ্কায় বদলাতে পারে সময়ের নিয়ম

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০২:৩৩

অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বড় ভিলেন এখন বৃষ্টি। তাই আজ মেলবোর্নের মেগা ফাইনালের আগে চিন্তায় আইসিসি। সেখানকার আবহাওয়া অফিস বলছে, মেলবোর্নের আকাশে দুই দিন মেঘ ঘোরাঘুরি করবে। এই দুশ্চিন্তায় ফাইনালের আগে খেলার নিয়মে কিছু বদল করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। বাবর আজম ও জস বাটলারের মধ্যে লড়াই সুষ্ঠুভাবে শেষ করাই লক্ষ্য। তাই ম্যাচের সময় বাড়ানো হলো। অর্থাৎ, আগে খেলা শেষ করার জন্য যতটা সময় থাকত এর থেকে বেশি সময় থাকবে ফাইনালে।

অতীতে আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মোট সময়সীমা ছিল মোট ৫ ঘণ্টা ১০ মিনিট। মেগা ফাইনালের নিষ্পত্তি যাতে ঠিকভাবে হয়, তাই আজ অতিরিক্ত ২ ঘণ্টা সময় রাখা হয়েছে। অর্থাৎ, ৭ ঘণ্টা ১০ মিনিট সময় থাকবে খেলা শেষ করার। 

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ফাইনাল শেষ করার সম্পূর্ণ চেষ্টা করা হবে এবং প্রয়োজনে ওভারও কমানো হবে। একমাত্র যদি সব থেকে কম ওভারের ম্যাচ খেলাও সম্ভব না হয়, তাহলেই সেটা সোমবার পর্যন্ত গড়াবে। যদি আজ খেলা হয়, তাহলে রবিবার যেখানে ম্যাচ থামবে, সেখান থেকেই আবার খেলা শুরু হবে। রবিবার ম্যাচ শেষ করার জন্য বাড়তি ৩০ মিনিট দেওয়া হবে। সোমবার ম্যাচ শেষ করার জন্য বাড়তি চার ঘণ্টা সময় থাকবে।’

ইত্তেফাক/ইআ