ইংল্যান্ড বিশ্বকাপটা এর মধ্যেই ‘বৃষ্টি কাপ’ নামে খ্যাতি পেয়েছে। চারটি ম্যাচ চলে গেছে বৃষ্টির পেটে। যার তিনটিতে টসই করা সম্ভব হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের শেষ ম্যাচটাও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এ অবস্থায় বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনার ম্যাচে আজ রবিবার ম্যাঞ্চেস্টারে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান পরস্পরের মুখোমুখি হচ্ছে।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। ম্যাঞ্চেস্টারে হাইভোল্টেজ এই ম্যাচেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। আজ ম্যাঞ্চেস্টারের আকাশ মেঘাচ্ছন্ন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে। বিশ্বকাপের কোনো খেলায় পাকিস্তান এখনো ভারতকে হারাতে পারেনি।
ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন তারা এ খেলাটিকে আলাদাভাবে দেখছেন না। অপরদিকে সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনুস বলেছেন, ভারত পাকিস্তানের সব ম্যাচই বড়। তবে এবারের লড়াইয়েও ভারত এগিয়ে।
আরও পড়ুন : ‘সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সেবায় বরাদ্দ বৃদ্ধি করতে হবে’
এদিকে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত ব্ল্যাকে টিকিট বিক্রি হয়েছে। সংবাদ মাধ্যমের ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালে যেসব বিজ্ঞাপন দেখানো হবে সেসব ৫০ শতাংশ বেশি দামে বিক্রিও করে ফেলেছে স্টার স্পোর্টস। এই ম্যাচে শুধু বিজ্ঞাপন থেকেই ১৩৭.৫ কোটি রূপি আয়ের হিসেব কষছে সম্প্রচার প্রতিষ্ঠানটি।
এই ম্যাচ সম্প্রচারের সময় স্টার স্পোর্টসে বিজ্ঞাপনের জন্য প্রতি সেকেন্ডের দাম আড়াই লাখ টাকা। তাতেও বিজ্ঞাপনদাতাদের ভিড়। কেউই এই ম্যাচে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ ছাড়তে চায় না। স্টার স্পোর্টস অনেকদিন আগেই এই ম্যাচে বিজ্ঞাপনের স্লট বিক্রি করেছে। এ অবস্থায় বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হলে বড়সর ক্ষতির মুখেই পড়তে হবে স্টার স্পোর্টসকে।
ইত্তেফাক/কেআই
