ডেঙ্গু কেড়ে নিলো আরও ৮ জনের প্রাণ

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৭:৩৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিন দিন মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তসহ বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দুই হাজার ৮৫১ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৯২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭২ জন এবং ঢাকার বাইরে ৩২০ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৯২ জন। এর মধ্যে ঢাকায় ৩২ হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৭ হাজার ৪৫৭ জন।

এ ছাড়া সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৩ হাজার ৩০৭ জন। তাদের মধ্যে ঢাকা থেকে ২৮ হাজার ৭৪৩ জন, ঢাকার বাইরে থেকে ১৪ হাজার ৫৬৪ জন ছাড়পত্র পেয়েছেন।

২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। তার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।

ইত্তেফাক/এনএ/এএএম