রিপাবলিকান শিবিরে উদ্বেগ সত্ত্বেও প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছেন ট্রাম্প!

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০২:৪৪

মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ভালো ফল করতে পারেনি রিপাবলিকান পার্টি। এজন্য অনেকেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুষছেন । নির্বাচনে ট্রাম্প সমর্থিত ছয় প্রার্থীর পাঁচ জনই পরাজিত হয়েছেন। সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে রিপাবলিকানদের। এ কারণে ট্রাম্পের নেতৃত্ব নিয়ে রিপাবলিকান দলে এখন উদ্বেগ কাজ করছে। এর মধ্যেই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিতে চলেছেন তিনি। 

ফ্লোরিডাস্থ মার-এ-লাগো বাসভবন থেকে তিনি স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায়) এই ঘোষণা দিতে পারেন বলে কিছু মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে । যদিও অনেক রিপাবলিকান নেতা এখনই প্রার্থিতা ঘোষণা থেকে ট্রাম্পকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। খবর
সিএনএন ও বিবিসির।

সম্প্রতি ট্রাম্পের উপদেষ্টা জেসন মিলার বলেন, ২০২৪ সালে হোয়াইট হাউজ দখলের লড়াইয়ে নামতে ট্রাম্প বদ্ধপরিকর। মঙ্গলবারই তিনি এ ঘোষণা দেবেন। প্রসঙ্গত, ২০১৬ সালে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প। যদিও ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে তিনি পরাজিত হন।

এদিকে ট্রাম্পের প্রার্থিতার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন রিপাবলিকান নেতারা । এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আমলের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ভবিষ্যতে ট্রাম্পের চেয়ে ভালো কাউকে আমরা পেতে পারি। একই সঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার বিষয়টি আমি ও আমার পরিবার গভীরভাবে বিবেচনা করছি। ট্রাম্পের কি আবারও প্রেসিডেন্ট হওয়া উচিত বলে আপনি মনে করেন—এমন প্রশ্নের জবাবে পেন্স বলেন, এটি আমেরিকার জনগণের ওপর নির্ভর করবে। তবে আমি মনে করি, ভবিষ্যতে আমাদের আরো ভালো পছন্দ থাকবে।

আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে নামতে পারেন এমন সম্ভাব্য নেতাদের তালিকায় মাইক পেন্স ছাড়াও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস রয়েছেন। 

অ্যারিজোনায় হেরেছেন ট্রাম্প মিত্র ক্যারি লেক অ্যারিজোনা অঙ্গরাজ্যের গভর্নর পদে ডেমোক্র্যাট প্রার্থী কেটি হবস জয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন রিপাবলিকান প্রার্থী ক্যারি লেককে। যিনি ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত। তিনিও ২০২০ সালের নির্বাচনের ফল অস্বীকার করেছিলেন।

এদিকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে চলেছে রিপাবলিকান পার্টি প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ২১৮টি আসন লাগবে। এবিসি নিউজের তথ্য অনুযায়ী রিপাবলিকান পার্টি ২১৭টি আসনে জয়ী হয়েছে। ডেমোক্র্যাটরা জয়ী হয়েছে ২০৫টি আসনে। অন্যদিকে সিনেটের নিয়ন্ত্রণ আগেই নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা।

ইত্তেফাক/ইআ